'শিশু পাচার প্রতিরোধে অগ্রগতি সামান্য'
শিশু পাচার প্রতিরোধে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই বলে দাবি করেছে 'সোসাল অ্যান্ড ইকোনমিক এনহেন্সমেন্ট প্রোগ্রাম-সিপ' নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান।
শনিবার বেলা ২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শিশু পাচার প্রতিরোধ, শিশু সুরক্ষা ও শিশু অধিকার নিশ্চিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন সিপ'র কর্মকর্তারা।
সম্মেলনের লিখিত বক্তব্যে পাঠ করেন সিপ পরিচালক মো. জাহিদ হোসেন।
শিশুপাচার প্রতিরোধে নিজেদের কোনো গবেষণা বা সমীক্ষা নেই স্বীকার করে জাহিদ বলেন, পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী- দেশে ২০০১ সালে মোট সাত হাজার ৯০৪টি মানবপাচার সম্পর্কিত অপরাধ ঘটেছে; আর ২০১০ সালে সেটি গিয়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৮৭৬টিতে।
শিশু পাচার প্রতিরোধে 'মানবপাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২' এর বাস্তবায়ন ও মনিটরিংয়ের ব্যবস্থা করা দাবি তোলেন এই সিপ কর্মকর্তা।
এছাড়া সম্মেলন থেকে জেলা প্রশাসনের নেতৃত্বে সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয়ে পাচার প্রতিরোধ কমিটিকে আরও শক্তিশালী ও কার্যকর করার দাবি তোলা হয়।
সম্মেলনে সিপ এর প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুজ্জামান মুকুল উপস্থিত ছিলেন।
