২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুমতি ছাড়া আতশবাজি ফোটানো যাবে না: আইজিপি

বিজয় দিবস ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন, বিজয় উদযাপনের শোভাযাত্রার নামে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2015, 07:45 PM

Updated : 12 Oct 2022, 04:42 PM

মঙ্গলবার বিকেলে তিনি সাংবাদিকদের বলেন, “উৎসবমুখর পরিবেশে বিজয় দিবস উদযাপনের জন্য আমরা সব ধরনের পদক্ষেপ নিয়েছি। নিরাপত্তার জন্য যখন যেখানে যা করার দরকার হবে, সেই ব্যবস্থা আমরা নেব।”

বিজয় দিবসে আতশবাজি ফোটাতে পুলিশের অনুমতি লাগবে জানিয়ে শহীদুল হক বলেন, “ঢাকা শহরসহ সারা দেশের জন্য এটা প্রযোজ্য হবে। যেসব এলাকায় অনুমতি চাওয়া হবে, সেই এলাকার পরিপ্রেক্ষিত বিবেচনায় নিয়ে পুলিশ অনুমতি দেবে।”

বিএনপির শোভাযাত্রা ঘিরে নাশকতার আশঙ্কা করা হচ্ছে কি না- সে বিষয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, “র‌্যালির নামে যাতে কোনো উচ্ছৃঙ্খলতা না হয়, র‌্যালিকে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা চালাতে না পারে সে বিষয়ে আমরা সতর্ক থাকব।”

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ পুলিশের যৌথ আয়োজনে ‘রক্তস্নাত বিজয়’ শীর্ষক চার দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শহীদুল হক।

জঙ্গি তৎপরতা রুখতে কোনো ‘বিশেষ পদক্ষেপ’ নেওয়া হয়েছে কি না জানতে চাইলে পুলিশ প্রধান বলেন, “আমরা প্রত্যেকটি ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা রহস্য উদঘাটন করতে পেরেছি।

“দেশে আইএসের কোনো তৎপরতা নেই। তবে ‘হোম গ্রোওন’ জঙ্গিদের চিহ্নিত করতে আমরা কাজ করছি। জনগণের সহায়তায় আমরা এদের প্রতিহত করতে পারব।”