২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিছু হলেই বলে আইএস: স্বরাষ্ট্র মন্ত্রী   

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে পরিকল্পিত ভাবে ‘যে কোনো ঘটনার সঙ্গে’ ইসলামিক স্টেটের (আইএস) নাম জড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2015, 10:44 PM

Updated : 22 Aug 2022, 02:12 PM

বৃহস্পতিবার রাজধানীতে এক সমাবেশে তিনি বলেন, "একটা গোষ্ঠী কিছু হলেই বলে তার সাথে আইএস জড়িত। সারা বিশ্বে মুসলমানদের মাথা নত করার এক ষড়যন্ত্র শুরু হয়েছে।"

সব ধরনের জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশের আলেম-ওলামাদের প্রতি আহ্বান জানান তিনি।

গত কয়েক মাসে দেশে দুই বিদেশি হত্যাসহ কয়েকটি হত্যার ঘটনায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করে বিবৃতি দেয় বলে জানায় জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী সাইট ইনটিলিজেন্স গ্রুপ।

তবে এসব ঘটনায় আইএসের জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি জানিয়ে সরকার পক্ষ থেকে বলা হয়, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে একটি মহল নিজেরা এসব ঘটনা ঘটিয়ে তার সঙ্গে পরিকল্পিতভাবে আইএসের নাম জড়ানোর চেষ্টা করছে।

ঢাকার তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের সামনে 'তেজগাঁও শিল্প এলাকা, মহাখালী বাস টার্মিনাল ও তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন সড়ককে ‘পার্কিংমুক্ত ঘোষণা’ উপলক্ষে আয়োজিত সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, “সব দেশি-বিদেশি ষড়যন্ত্র অতিক্রম করে আমরা এগিয়ে চলেছি। আমাদের নিরাপত্তা বাহিনী, গোয়েন্দারা অক্লান্ত পরিশ্রম করছেন। আপনারা সকলেই সহযোগিতা করবেন, যেন সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া যায়।”

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা এবং আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশে উপস্থিত পরিবহন শ্রমিক ও মালিকদের সুবিধার্থে মহাখালীতে আধুনিক স্ট্যান্ড নির্মাণ করতে মেয়র আনিসুল হকের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরাও মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরাও মিছিল নিয়ে উপস্থিত হন।