বিএমইটির অনুমোদনে বিদেশ গেছে ৫ লাখের বেশি
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অনুমোদন নিয়ে এ বছর পাঁচ লাখের বেশি কর্মী বিদেশে গেছে।
বুধবার সংসদ ভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।
এ প্রসঙ্গে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরে বিএমইটি থেকে অনুমোদন নিয়ে এখন পর্যন্ত পাঁচ লাখ ছয় হাজার ৯৪৯ জন বিভিন্ন কাজে প্রবাসে গেছে, যা গত বছরের তুলনায় এক লাখ বেশি।
বিজ্ঞপ্তিতে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে জানানো হয়, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে যাতে সিন্ডিকেট গড়ে না ওঠে, প্রতারণার ঘটনা না ঘটে- সে বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসী কল্যাণ ব্যাংককে তফসিলি ব্যাংকে রূপান্তরে অতিরিক্ত যে ৩০০ কোটি টাকা পরিশোধিত মূলধন প্রয়োজন তা ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল থেকে দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে।
নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শাহাব উদ্দিন, মন্নুজান সুফিয়ান, ইসরাফিল আলম এবং আয়েন উদ্দিন অংশ নেন।
বৈঠকে বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
