২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনিয়ম: স্কয়ার হাসপাতালকে জরিমানা

বিভিন্ন অনিয়মের প্রমাণ মেলায় রাজধানীর স্কায়ার হাসপাতাল কর্তৃপক্ষকে দুই লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2015, 04:32 PM

Updated : 22 Aug 2022, 02:12 PM

বুধবার দুপুরে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে পান্থপথের এই হাসপাতালে অভিযান চালানো হয়।

পরে ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতালে সার্জিক্যাল সরঞ্জাম বিক্রির লাইসেন্স না থাকা, ব্লাড ব্যাংক, প্যাথলজি সেন্টারসহ বিভিন্ন ইউনিটের লাইসেন্স নবায়ন না করা, অনুমিত ছাড়া নির্ধারিত শয্যার অতিরিক্ত ৬৫টি যুক্ত করা হয়েছে।

“এছাড়া আইসিইউসহ স্পর্শকাতর বিভাগের চিকিৎসকদের কাজের অনুমতিপত্রও পাওয়া যায়নি। এসব কারণে হাসপাতাল কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে।”

পাঁচ ফার্মেসিকে জরিমানা

অনুমোদনবিহীন ওষুধ বিক্রির দায়ে গুলাশানের পাঁচ ফার্মেসিকে পৌনে নয় লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালাত।

বুধবার বিকালে গুলশান-২ নম্বর সেকশনের সাফারি, গ্রিড, ফার্মেসি-২৪, আল আমিন ও ইউনাইটেড ফার্মেসিতে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয় বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, সাফারি ফার্মেসি থেকে ১০৪ ধরনের, গ্রিড ফার্মেসি থেকে ৫৪ প্রকার, ফার্মেসি-২৪ থেকে ২৫ ধরনের, আল আমিন ফার্মেসী থেকে ১২ ধরনের এবং ইউনাইটেড ফার্মেসি থেকে ৩৬ প্রকার অনিবন্ধিত ওষুধ জব্দ করা হয়।

এই অপরাধে সাফারিকে তিন লাখ টাকা, গ্রিডকে এক লাখ টাকা, ফার্মেসি-২৪ কে তিন লাখ টাকা, আল আমিনকে এক লাখ টাকা এবং ইউনাইটেডকে ৭৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী হাকিম মো. ফিরোজ আহমেদ।

এর আগে গত রোববার অনুমোদনহীন ওষুধ রাখার দায়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা জরিমানা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

পুরনো খবর:

ল্যাবএইডকে ১০ লাখ টাকা জরিমানা