২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারি: বিজিবি ডিজি

যে কোনো ধরনের জঙ্গি তৎপরতা ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারি ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2015, 03:28 PM

Updated : 22 Aug 2022, 02:09 PM

দায়িত্ব নেওয়ার তিন বছর পূর্তি উপলক্ষে রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় সাম্প্রতিক পরিস্থিতি ও নিজের বিভিন্ন অর্জন নিয়ে কথা বলেন তিনি।

২০১২ সালের ৫ ডিসেম্বর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর দায়িত্ব নেন সেনাবাহিনীর এই কর্মকর্তা।  

আজিজ আহমেদ বলেন, তিন বছরে বিজিবির জন্য ২৭৬টি স্থাপনা নির্মাণ করা হয়েছে। রণকৌশল নির্ধারণে সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় রেখে প্রশিক্ষণে পরিবর্তনের পাশাপাশি অস্ত্রেও সমন্বয় আনা হয়েছে। 

“এবারই প্রথম বিজিবিতে ১০০ নারী সদস্য যুক্ত হচ্ছে। জানুয়ারিতে তাদের প্রশিক্ষণ শুরু হবে।”

গত শুক্রবার ভারতের সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের মহাপরিচালক ডি কে পাঠক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইএস একটি বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা সজাগ, সতর্ক, সরঞ্জামও আনা হয়েছে এবং সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে ব্যাপকভাবে নজরদারি করছি।”

মতবিনিময় সভার পর এই বক্তেব্যের উদ্ধৃতি দিয়ে বিজিবিপ্রধানের কাছে বাহিনীর অবস্থান জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “জঙ্গি কর্মকাণ্ড ঠেকাতে বিজিবিও সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি রয়েছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ অব্যাহত রয়েছে।”

তিনি জানান, জঙ্গি হামলা প্রতিরোধে বিজিবি সদস্যদের একসঙ্গে চলাচলের নিদের্শ দেওয়ার পরশপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে। এছাড়া মসজিদে বা ধর্মীয় কোনো অনুষ্ঠানে জঙ্গিবিরোধী বক্তব্যর জন্য সংশ্রিষ্টদের সজাগ থাকতে বলা হয়েছে।

আলাপচারিতায় এক প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক বলেন, “সীমান্তে হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব হয়নি, যেটা আমি অকপটে স্বীকার করছি। তবে কিছুটা কমে এসেছে। রাতের আঁধারে সীমান্ত অতিক্রম না করলে এটা আরও কমে আসবে।”

সীমান্তে হত্যা শূন্যের কোটায় আনতে বাংলাদেশে গবাদি পশুর খামার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, যেদিন দেখা যাবে ভারতের গরু আমাদের দরকার নাই, সেদিনই বর্ডার কিলিং জিরোতে আসবে।

প্রাণঘাতী নয় (নন লিথাল) এমন অস্ত্র ব্যবহার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক বলেন, “ভারত নন লিথাল পলিসি অনুসরণ করছে। আর এ কারণে আহতের সংখ্যা বেড়ে গেছে। আর এ করণেই তারা প্রচণ্ড চাপের মধ্যে আছে লিথাল উইপন ব্যবহারের জন্য।

“আর আমরা তাদের সবসময় বলে এসেছি, আমরা কখনই নন লিথাল উইপন ব্যবহার করব না।”

মাদক পাচারও অনেকটা নিয়ন্ত্রণে এসেছে দাবি করে মেজর জেনারেল আজিজ বলেন, “ফেনসিডিল পাচার কমে এসেছে। এরপরও যা আসছে তা আমাদের উদ্বেগের কারণ। এক্ষেত্রে চাহিদার জায়গা নিয়ন্ত্রণ করলে সাপ্লাই কমে যাবে।”

কেবল সীমান্ত এলাকা দিয়ে নয়, বিমান এবং নৌপথেও অনেক সময় ‘নিষিদ্ধ মাদক’ আসছে বলে জানান তিনি।

ইয়াবা প্রসঙ্গে বিজিবির ডিজি বলেন, “আমাদের ৭৪০ কিলোমিটার কোস্ট লাইনে (সমুদ্র পথ) সাড়ে তিন হাজার  মাছ ধরা ট্রলার চলে।

“এসব ট্রলারেও  ইয়াবা আসে এবং বিভিন্ন জায়গায় নামিয়ে দেয়। এগুলোতো বিজিবির জায়গা না। তারপরেও অন্য বাহিনীর সঙ্গে সমন্বয় আছে।”

তবে বিজিবি তার দায়িত্বে সচেতন রয়েছে জানিয়ে তিনি বলেন, কাঁটাতারের বেড়া নেই। রাস্তা নেই। এগুলো হলে কিছুটা হলেও সমস্যার সমাধান হবে।

“তবে কোস্ট লাইনে কীভাবে বেড়া দিবেন, রাস্তা বানাবেন।  ইয়াবা একটি থ্রেট। এ ব্যাপারে সরকার যথেষ্ট সচেতন রয়েছে, কাজ করছে।”

মাদকের সঙ্গে বিজিবির কেউ জড়িত থাকছে কি না- জানতে চাইলে মহাপরিচালক বলেন, “আমাদেরও দুর্বলতা আছে। আমি কখনও বলব না, আমাদের শতভাগ লোক ধোয়া তুলসি পাতা। তবে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

চোরাচালানে সম্পৃক্ততা ও ‘নারীঘটিত’ কারণে গত তিন বছরে প্রায় ১০০ জনকে বিজিবি থেকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানান তিনি।

বিজিবি প্রধান বলেন, এখন আকাশ পথে কোনো কিছুর প্রয়োজন পড়লে সেনাবাহিনী বা নৌবাহিনীর সহায়তা নিতে হয়। তবে এখন বিজিবির একটি হেলিকপ্টার রয়েছে, আরও তিনটি সংযুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। এগুলো হাতে আসলে বিজিবি বিশেষ অভিযান চালাবে।

২২ ডিসেম্বর ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সম্মেলন হতে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, এবার সম্মেলনে সীমান্ত হত্যার বিষয়টি সবচেয়ে গুরুত্ব দেওয়া হবে।  

বিজিবির মহাপরিচালক বলেন, এই সম্মেলনে মাদক, নারী পাচার এবং সীমান্তে হত্যা নিয়ে কথা হবে। এমনকি ফেলানী হত্যার সর্বশেষ অবস্থা তাদের কাছে জানতে চাওয়া হবে।

বিএসএফ সদস্যদের বাংলাদেশিদের ধরে নিয়ে যাওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি জানান, সীমান্ত থেকে আসা সব তথ্য সঠিক নয়।

মিয়ানমারের সঙ্গে সীমান্ত নিয়ে আলোচনা পরিস্থিতির ‘যথেষ্ট অগ্রগতি হয়েছে’- উল্লেখ করে বিজিবি প্রধান বলেন, “আগে কোনো সমস্যা দেখা দিলে দীর্ঘ সময় লাগতো। চিঠি আদান-প্রদানে বেশ সময়ক্ষেপণ হতো। এখন তাৎক্ষণিকভাবেই হচ্ছে।

“তবে এজন্য বর্ডার লিঁয়াজো অফিস খোলার প্রক্রিয়া চলছে। এটা হলে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক আরও সহজ হবে।”