বাংলা একাডেমির হীরক জয়ন্তী শুরু বৃহস্পতিবার
প্রতিষ্ঠার ছয় দশক পূর্তিতে দুই দিনব্যাপী উৎসব আয়োজন করেছে বাংলা একাডেমি।
বৃহস্পতিবার সকাল ৯টায় কেন্দ্রীয় শহিদ মিনার, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ এবং ভাষাবিজ্ঞানী মুহম্মদ শহীদুল্লাহর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে হীরক জয়ন্তীর শুরু হবে।
বুধবার বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৯৫৫ সালের ৩ ডিসেম্বর ঢাকার বর্ধমান হাউসে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে সবচেয়ে বড় প্রতিষ্ঠান বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়।
বাংলা পিডিয়ার তথ্য অনুযায়ী, ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম বাংলা একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নিলেও তা ব্যর্থ হয়। পরের বছর পূর্ববাংলা আইনসভার নির্বাচনে বিজয়ী যুক্তফ্রন্ট পূর্ব ঘোষণা অনুযায়ী বাংলা একাডেমি প্রতিষ্ঠার পদক্ষেপ গ্রহণ করে, কিন্তু অল্পদিনেই তাদের পতন হওয়ায় সে প্রচেষ্টাও ব্যর্থ হয়।
দ্বিতীয়বার যুক্তফ্রন্ট ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর ঐতিহাসিক বর্ধমান হাউসে বাংলা একাডেমির উদ্বোধন করেন।
প্রতিষ্ঠার পর থেকে নানা কার্যক্রমের মধ্য দিয়ে বাঙালি জাতিসত্তা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের প্রতীক হয়ে উঠেছে এই প্রতিষ্ঠান।
উৎসবের প্রথম দিন বিকেল সাড়ে ৩টায় একাডেমির রবীন্দ্র-চত্বরে বাংলা একাডেমির সদস্য-ফেলো-কবি-লেখক ও বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হবে।
এরপর বিকেল ৫টায় আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে হীরক জয়ন্তী স্মারক বক্তৃতা দেবেন ভারতের চেন্নাইয়ের বিশিষ্ট লেখক ও গবেষক ভি. বি গনেশন।
বাংলা একাডেমির সভাপতি এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, পশ্চিমবঙ্গের বাংলা আকাদেমির সভাপতি শাঁওলী মিত্র এবং বঙ্গীয় সাহিত্য পরিষৎ, কলকাতা-এর সভাপতি বারিদবরণ ঘোষ।
স্বাগত বক্তব্য দেবেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
একই দিন বিকেল ৫টায় একাডেমির নভেরা প্রদর্শনী কক্ষে ‘বাঙালি মনীষার দীপ্ত প্রতিকৃতি’ শীর্ষক ২৪ দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন হবে। এছাড়া উৎসব উপলক্ষে প্রকাশিত বাংলা একাডেমি প্রতিষ্ঠাবার্ষিক বক্তৃতা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে।
এরপর সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশ করবেন খ্যাতনামা শিল্পী নজরুল-দৌহিত্রী অনিন্দিতা কাজী, শিল্পী রফিকুল আলম ও শিল্পী অণিমা রায়।
উৎসবের শেষদিনে সেমিনারসহ বিভিন্ন আয়োজন থাকছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
