২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে ঢোকার পথে সাংবাদিককে হেনস্তা

জাতীয় সংসদে ঢোকার সময় দেহ তল্লাশির নামে এক সাংবাদিককে হেনস্তা করার অভিযোগ পাওয়া গেছে। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2015, 08:08 PM

Updated : 22 Aug 2022, 02:06 PM

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে সংসদে প্রবেশের মুখে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক সাজিদুল হক নিরাপত্তাকর্মীদের মৌখিক আক্রমণের শিকার হন।

বিষয়টি তাৎক্ষণিকভাবে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জানানো হয়েছে।

সাজিদুল জানান, দুপুরে সংসদ ভবনে প্রবেশ করতে গেলে তল্লাশির নামে তাকে হয়রানি করে নিরাপত্তাকর্মীরা। সাংবাদিকদের দুটি মোবাইল নিয়ে প্রবেশের অনুমতি থাকলেও তাকে বাধা দেওয়া হচ্ছিল। তিনি প্রতিবাদ করলে এক পর্যায়ে ওই নিরাপত্তাকর্মী (এসবি) তাকে অশালীন ভাষায় আক্রমণ করেন।

অবশ্য পরে তাকে ভেতরে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিভিন্ন সময় অভিযোগ করার পরও তল্লাশির দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের ‘অসদাচরণে’ সংশোধন আসছে না বলে অভিযোগ করেছেন সংসদের খবর সংগ্রহের দায়িত্বে থাকা আরও কয়েকজন প্রতিবেদক।

তারা জানান, সংসদে একটি মোবাইল হ্যান্ডসেট নিয়ে প্রবেশের নিয়ম থাকলেও সাংবাদিকরা দুটি হ্যান্ডসেট সঙ্গে রাখতে স্পিকারের অনুমতি নিয়েছেন। অধিকাংশ সাংবাদিক কাজের সুবিধার্থে সেটাই করে আসছিলেন।

সাজিদুল হক বলেন, “ঘটনার সঙ্গে সঙ্গে সার্জেন্ট অ্যাট আর্মসকে বিষয়টি জানিয়েছি। যে নিরাপত্তাকর্মী দুর্ব্যবহার করেছেন তাকে দেখিয়েও দিয়েছি। তিনি কোনো পদক্ষেপ না নিয়ে বরং লিখিত অভিযোগ করার পরামর্শ দিয়েছেন।”

এ ব্যাপারে সার্জেট আ্যাট আর্মস কমডোর এম আশরাফুল হক সাংবাদিকের জানান, তিনি এ বিষয় কোনো অভিযোগ পাননি।