২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সশস্ত্র বাহিনীকে জমির স্বল্পতার প্রতি দৃষ্টি রাখার সুপারিশ

জমির স্বল্পতার প্রতি দৃষ্টি রেখে বহুতল ভবন নির্মাণের মাধ্যমে সশস্ত্র বাহিনীকে ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2015, 05:16 PM

Updated : 22 Aug 2022, 02:07 PM

বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে ডিওএইচএস এলাকায় জমি ও ফ্ল্যাট হস্তান্তরে দ্রুত প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়ারও সুপারিশ করা হয়।

বৈঠক শেষে কমিটির সদস্য ফারুক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা কমিটির পক্ষ থেকে বলেছি, জমি অধিগ্রহণের সময় যেন চিন্তা-ভাবনা করে নেওয়া হয়। বহুতল ভবন নির্মাণ করলে জমির ব্যবহার বাড়ানো যায়।”

এর আগে গত ১৯ অক্টোবর কমিটির বৈঠকে দেশের বিভিন্ন সেনানিবাস এলাকার জমির সঠিক ব্যবহার নিশ্চিত করতে বহুতল ভবন নির্মাণের সুপারিশ করা হয়।

ওই বৈঠকে জানানো হয়, বর্তমানে প্রতিরক্ষা বিভাগের অধীনে ৪৬ হাজার ৪১৪ একর জমি আছে। এর মধ্যে সেনাবাহিনীর ৩৫ হাজার ৮৫৮, নৌবাহিনীর এক হাজার ৩৮০, এবং বিমান বাহিনীর পাঁচ হাজার ৫১৯ একর জমি উল্লেখযোগ্য।

বরিশালে ১০ একর জমিতে নির্মিত সেনাপল্লীর ১২০টি প্লট এবং ৯ দশমিক ৬৮ একর জমিতে নির্মিত পটুয়াখালী সেনাপল্লীর ১১৮টি প্লটের মধ্যে ৫০টি সেনাবাহিনীর সৈনিকদের মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে।বাকিগুলো বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া চলছে।

এ ছাড়া কুমিল্লায় ৪৪ দশমিক ৪১ একর জমিতে নির্মিত সেনাপল্লীতে প্লট বরাদ্দে কাজ এখনও শুরু হয়নি।

বৈঠকে জানানো হয়, রাজবাড়ী জেলায় ৩ হাজার ৫৩৪ একর এবং বরিশাল ও পটুয়াখালীর মাঝামাঝি পায়রা নদী সংলগ্ন ১ হাজার ৫৭৬ একর জমিতে সেনানিবাস নির্মাণের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়াধীন আছে। এছাড়া কিশোরগঞ্জের মিঠামইন ও কক্সবাজারের রামুতে সেনানিবাস স্থাপনের কাজ এগিয়ে চলছে।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের জন্য ভর্তুকি বাড়ানোর সুপারিশ করা হয়। 

কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সদস্য ফারুক খান ছাড়াও দীপু মনি এবং হোসনে আরা বেগম অংশ নেন।

এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয় ও তিন বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।