এলজিবিটি জনগোষ্ঠীর অধিকার নিয়ে সেমিনার
এলজিবিটি জনগোষ্ঠীর অধিকার নিয়ে এক সেমিনারে যে কোনো ধরনের বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার ওপর জোর দিয়েছেন আলোচকরা।
জাতীয় মানবাধিকার কমিশনের সম্মেলন কক্ষে বুধবার ‘বাংলাদেশ এলজিবিটি জনগোষ্ঠীর(লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল ও ট্রান্সজেন্ডার) মানবাধিকার’ শিরোনামে এই সেমিনার হয়। বাংলাদেশে এলজিবিটি সদস্যদের নিয়ে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের ২৫ জন প্রতিনিধি এতে অংশ নেন।
সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির মানবাধিকার ও ফেলোশিপের আওতায় মানবাধিকার কমিশনের সহকারী পরিচালক এম. রবিউল ইসলাম এই সেমিনারের আয়োজন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তিনি বলেন, “বাংলাদেশের এলজিবিটি সদস্যদের অধিকার নিয়ে মানবাধিকার কমিশনের অবস্থান পরিষ্কার। বাস্তবতার নিরিখে আমরা আমাদের অবস্থান নির্ধারণ করেছি। বাংলাদেশের পরিবেশ ও বাস্তবতা এমন যে, এখনই এলজিবিটি সদস্যদের সমধিকার নিশ্চিত করা কঠিন। এজন্য সময় প্রয়োজন। সমলিঙ্গের বিবাহ বাংলাদেশে এ মুহূর্তে উচ্চারণ করা সম্ভব নয়।
“তবে সব সময় কমিশন জোরালোভাবে বলে আসছে যে, যৌন আচরণের কারণে কেউ যেন বৈষম্যের শিকার না হয়। এজন্য কমিশন থেকে আইন মন্ত্রণালয়ে বৈষম্য নিরোধ আইনের খসড়া পাঠানো হয়েছে। আমাদের দাবি আইন মন্ত্রণালয় যাতে এ খসড়াটি সংসদে উপস্থাপন করে এবং আইনটি যাতে দ্রুত পাস হয়। এতে করে সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের পথ আরও প্রশস্ত হবে।”
‘সম্পর্কের নয়া সেতু’র সভাপতি জয়া শিকদার জেন্ডার ও যৌনতা বিষয়ক প্রাতিষ্ঠানিক শিক্ষার উপর গুরুত্বারোপ করেন।
“দেশের সকল স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে ছাত্র-ছাত্রীদের ধারণা দেওয়া অত্যন্ত জরুরি,” বলেন তিনি।
সেমিনারে বাংলাদেশের এলজিবিটি জনগোষ্ঠীর বর্তমান অবস্থা ও মানবাধিকার বিষয়ে বক্তব্য রাখেন রবিউল ইসলাম।
