দক্ষিণ কোরিয়াকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মঙ্গলবার বিকালে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত আন সিওং ডু বঙ্গভবনে পরিচয়পত্র দিতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন দূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেছেন, ‘কোরিয়া বাংলাদেশের ভালো বন্ধু। দুই দেশই একে অপরের উন্নয়নে ভূমিকা রাখছে’।”
প্রেস সচিব জানান, এসময় নতুন দূত তার দেশ বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে বলে রাষ্ট্রপতিকে জানান।
বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন ও তথ্য-যোগাযোগ প্রযুক্তিসহ বিভিন্ন খাতে তার দেশ সহযোগিতা বাড়াতে আগ্রহী বলেও উল্লেখ করে নতুন দূত।
এর আগে ঢাকায় নিযুক্ত মালদ্বীপের নতুন দূত মোহাম্মদ অসীম রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন।
মালদ্বীপ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেয় উল্লেখ করে নতূন দূত দ্বিপপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে রাষ্ট্রপতিকে জানান।
এর আগে দু্ই দূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাদের আলাদাভাবে গার্ড অব অনার দেয়।
