রাজধানীতে খাবার তৈরির চার প্রতিষ্ঠানকে জরিমানা
রাজধানীর লালমাটিয়া ও মিরপুরে খাবার তৈরির চার প্রতিষ্ঠানকে সাড়ে ছয় লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
প্রতিষ্ঠানগুলো হলো- ডেইরি গোল্ড ফুড প্রোজাক্টস লিমিটেড, উর্মি কানফেশনারি অ্যান্ড বেকারি, দেশ ফুড প্রোডাক্টস ও নেছার ফার্মাসিটিক্যাল ইউনানী লিমিটেড।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বনষ্পতি মিশিয়ে তৈরি করার পর কৌটার উপরে ‘খাঁটি ঘি’ লিখে বাজারজাত করার অপরাধে ডেইরি গোল্ড ফুড প্রোডাক্টসের রেজা আমিনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
বিএসটিআইয়ের লাইসেন্স না থাকা এবং ক্ষতিকারক হাইড্রোজ ব্যবহার করে কেক ও বিস্কুট তৈরির অপরাধে উর্মি কনফেকশনারি অ্যান্ড বেকারির মো. ইমরানকে দুই লাখ টাকা জরিমানা এবং তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
মিষ্টি কুমড়া ও বিষাক্ত রং ব্যবহার করে ভেজাল সস তৈরির অপরাধে দেশ ফুড প্রোডাক্টসের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
মেয়াদোত্তীর্ণ রাসায়নিক বিভিন্ন বোতলে সংরক্ষণ এবং ড্রাগ লাইসেন্স না থাকায় নেছার ফার্মাসিটিক্যাল ইউনানী লিমিটেডের রবিউল ইসলামকে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া র্যাবের আরেকটি ভ্রাম্যমাণ আদালত শ্যামপুরের পোস্তগোলায় বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় পাওনিয়র স্টিল কোম্পানিকে চার লাখ, তাজ স্টিল কোম্পানিকে তিন লাখ এবং হানিফ স্টিল কোম্পানিকে তিন লাখ টাকা জরিমানা করে।
