২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের গাড়ি খাদে পড়ে ‘নিজেদের অবহেলায়’

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তরা গুলি ছুড়লেও পুলিশের গাড়িটি নিজেদের অবহেলায় খাদে পড়ে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 06:46 PM

Updated : 12 Oct 2022, 04:21 PM

পুরনো খবর:

‘দুর্বৃত্তদের গুলিতে’ পুলিশের গাড়ি খাদে, আহত ৫

ভারপ্রাপ্ত এসপি এম এ মাসুদ বলেন, মঙ্গলবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরায় দুর্বৃত্তরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশ ‘দায়িত্বশীলতার পরিচয়’ দেয়নি।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, পুলিশের কর্তব্যে অবহেলার কারণে গাড়িটি খাদে পড়ে পাঁচ সদস্য আহত হন।

“এ ঘটনায় এসআই আবদুল আওয়াল ও গাড়িচালক আবুল বাশারকে ক্লোজ করার পাশাপাশি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”

এএসপি (হেডকোয়ার্টার্স) মো. শফিকুল ইসলামকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতে পুলিশ একটি মাদকবাহী প্রাইভেটকারকে ধাওয়া দিলে দুর্বৃত্তরা গুলি চালায়।

ওই সময় পিকআপ ভ্যান রাস্তার পাশে খাদে পড়ে গেলে পাঁচ পুলিশ সদস্য আহত হন। স্থানীয়রা আহতদের তিনজনকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজনকে সদর হাসপাতালে নিয়ে আসে।

এদের মধ্যে কনস্টেবল শংকরচন্দ্র নাথ (২৭) ও আরিফুল ইসলাম (৩২) সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্য তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এদিকে ঘটনার পরপর ঘাটুরা গ্রাম থেকে ৪৮টি ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকেই প্রাইভেটকার-আরোহীরা মাদক কিনেছিল বলে জানান পরিদর্শক (তদন্ত) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া।

তবে কী ধরনের ‘মাদক’ সে সম্পর্কে পুলিশ এখনও কিছু জানাতে পারেননি তিনি।

আটককৃতদের মধ্যে দুজন হচ্ছেন সুমন (২০) ও শাহীন (২৮)। তাদের সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

পরিদর্শক মফিজ উদ্দিন আরও জানান, যে প্রাইভেটকার থেকে গুলি ছোড়া হয়েছিল সেটি আটক করা হয়েছে ঘাটুরা গ্রাম থেকে। তবে কোনো আরোহী এখনও আটক হয়নি।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।