২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সৌরেন-স্বাগতার আবৃত্তিতে মুগ্ধ মাগুরা

ভারতীয় শিল্পী সৌরেন চট্টোপাধ্যায় ও স্বাগতা চট্টোপাধ্যায় আবৃত্তি করে একটি সন্ধ্যা কাটালেন মাগুরায়।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 04:42 PM

Updated : 12 Oct 2022, 04:21 PM

আবৃত্তি সংগঠন ‘কণ্ঠবীথির’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সন্ধ্যায় শহরের সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে তাদের আবৃত্তি শুনে মুগ্ধ হন শ্রোতারা।

প্রায় দুই ঘণ্টা আবৃত্তি করেন এই শিল্পীযুগল।
তাদের নজরুলের সাম্যবাদী, বনানী মুখোপাধ্যায়ের বিচিত্র প্রেম, ফুলশয্যাসহ প্রায় ২০টি কবিতা আবৃত্তি আর তিনটি শ্রুতিনাটক পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।
অনুষ্ঠান শেষে স্বাগতা চট্টোপাধ্যায় বলেন, দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের মাটিতে বাংলায় আবৃত্তি করতে পেরে আনন্দিত।

সৌরেন চট্টোপাধ্যায় আশা প্রকাশ করেন, দুই বাংলার এমন সাংস্কৃতিক বিনিময় পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে, যা জাতি-ধর্মের ঊর্ধ্বে উঠে সবাইকে মানুষ পরিচয়ে পরিচিত করবে।

কণ্ঠবীথির সভাপতি লিপু খান বলেন, শুদ্ধ সংস্কৃতিচর্চার মাধ্যমে আবৃত্তি দিয়ে সমাজ থেকে অন্যায়-অসাম্য দূর করতেই কাজ করে যাচ্ছে কণ্ঠবীথি। অতিথিশিল্পীদের আগে কণ্ঠবীথির শিল্পীরা একক ও দলীয় আবৃত্তি পরিবেশন করেন। এরপর উত্তরীয় ও শুভেচ্ছা ক্রেস্ট দিয়ে অতিথিশিল্পীদের বরণ করেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক আজিম আহমেদ, প্রবীণ শিক্ষাবিদ খান জিয়াউল হক ও জেলা উদীচীর সভাপতি বিকাশ মজুমদার।

শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী কয়েকশ দর্শক উপভোগ করেন কণ্ঠবীথির অনুষ্ঠান।