২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাল্যবিয়ের আয়োজন, ৩ জনের দণ্ড

নীলফামারীর ডিমলা উপজেলায় বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবা, বর ও বরের বাবাকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2015, 06:52 PM

Updated : 25 Apr 2022, 02:04 PM

শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র রায় এ সাজা দেন বলেন জানান ডিমলা থানার ওসি রহুল আমিন খান।

দণ্ডিতরা হলেন কনের বাবা আযম আলী (৪৫), বরের বাবা বিশাল ভুইয়া (৪৮) ও বর  লেবু ইসলাম ভুইয়া (২২)। তাদের বাড়ি ডিমলা উপজেলায়।

তাদের প্রত্যেককে তিনদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান ওসি।

ওসি সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাতে আযম আলীর দশম শ্রেণি পড়ুয়া মেয়ের সঙ্গে একই উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের পূর্ব-খড়িবাড়ি গ্রামের বিশাল ভূইয়ার ছেলে লেবু ইসলাম ভূইয়ার বিয়ের আয়োজন করা হয়।

তিনি বলেন, গোপন খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালিয়ে বর, বরের বাবা ও কনের বাবাকে আটক করে। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দণ্ড দেওয়া হয়।

শুক্রবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।