২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপারেশনের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিকে ভাংচুর

অপারেশনের পর এক প্রসূতির মৃত্যুর ঘটনায় গাজীপুরের শ্রীপুরে একটি বেসরকারি হাসপাতালে ভাংচুর করেছে বিক্ষুব্ধ স্বজনরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 05:30 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

শ্রীপুর থানার উপ-পরিদর্শক সৈয়দ আজিজুল হক জানান, রোববার রাতে শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তার ‘পদ্মা ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালে’ ভাংচুরের ঘটনা ঘটে।

মৃত রীমা আক্তার (৩০) শ্রীপুর পৌর এলাকার উজিলাবো গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী।

এসআই বলেন, ক্লিনিক ভাংচুরের খবর শুনে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান তিনি।

রীমার শ্বশুর ওসমান গণি জানান, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রীমাকে পদ্মা ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মাহমুদুর রহমান শাহীন সন্ধ্যায় রীমার সিজার অপারেশন করেন।

“অপারেশনের সময় তার রক্তনালী কেটে ফেলায় প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। ডাক্তার কাউকে না জানিয়ে দ্রুত হাসপাতাল থেকে চলে যান। তিন ঘন্টা পরও রোগীকে অপারেশন থিয়েটার থেকে বের না করায় আমাদের সন্দেহ হয়।”

তার অভিযোগ, পরে হাসপাতালের পরিচালক রফিকুল ইসলাম অতিরিক্ত রক্তক্ষরণের কথা বলে রোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর রোববার দুপুরে রীমার মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক জহিরুল ইসলাম বলেন, ক্লিনিকে রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করা যায়নি। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

এ ব্যাপারে অপারেশনকারী চিকিৎসক মাহমুদুর রহমান শাহীনের মোবাইলে ফোন করে তা বন্ধ পাওয়া যায়।