২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইয়ের পর ‘গাড়িচাপায় হত্যা’

ঢাকার কুড়িলে এক গৃহবধূর গলার চেইন ও টাকা ছিনতাই করে তার স্বামীকে পিটিয়ে ‘গাড়িচাপা দিয়ে হত্যার’ খবর পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2015, 11:00 AM

Updated : 22 Aug 2022, 01:39 PM

খিলক্ষেত থানার ওসি শহিদুল হক জানান, রোববার ভোরের দিকে কুড়িল ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।

নিহত অনন্ত বিশ্বাসের (২৮) বাড়ি গাইবান্ধার কলেরপাড়া এলাকায়। স্ত্রী কাকলী বিশ্বাসকে নিয়ে গাইবান্ধা থেকে বাসে করে এসে কুড়িলে নামার পরপরই তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন।

গুরুতর জখম অনন্তকে তার স্ত্রীই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, সকাল সাড়ে ৬টার দিকে কাকলী তার স্বামী অনন্তকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাকলীর বরাত দিয়ে মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাইবন্ধার বাস থেকে নেমে মিরপুরে বাসায় যাওয়ার জন্য কুড়িলে বাসের অপেক্ষায় ছিলেন ওই দম্পতি।

“হঠাৎ একটি সাদা প্রাইভেটকার আসে এবং সেখান থেকে ৪/৫জন যুবক নেমে কাকলীর গলার চেন, গয়নাসহ সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয়। এ সময় অনন্ত বাধা দিলে ধস্তাধস্তি হয়। ছিনতাইকারীরা অনন্তর মাথায় আঘাত করে, কিল ঘুষি মেরে পথে ফেলে দেয়। পরে তারা গাড়ি নিয়ে চলে যাওয়ার সময় অনন্তকে চাপা দিয়ে যায় বলে কাকলী জানিয়েছেন।”

খিলক্ষেত থানার ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছেন সাদা রঙের একটি প্রাইভেটকার ওই যুবককে চাপা দিয়ে চলে গেছে।”