বরগুনায় দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
বরগুনার তালতলীতে মাইক্রোবাসের ধাক্কায় একটি মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু হয়েছে।
এরা হলেন- পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নজিরপুর গ্রামের রাসেল (৩৫), পাখিমারা গ্রামের সাইফুল ইসলাম (৩০) ও কুয়াকাটার বাসিন্দা মোটরসাইকেল চালক সোলায়মান (২৯)।
আমতলী থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কলাপাড়া-আমতলী সড়কের ফকিরবাড়ি বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি মোটরসাইকেল নিয়ে আমতলী থেকে কুয়াকাটার দিকে যাচ্ছিল তিন যুবক। ঘটনাস্থলে বিপরীতমুখী একটি মাইক্রোবাস তাদের চাপা দিলে সেখানেই তিন আরোহীর মৃত্যু হয়।
তিন জনের লাশ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
