অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ২
অপহরণের একদিন পর মাগুরা থেকে এক স্কুলছাত্রীকে উদ্ধার ও এতে জড়িত অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর থানার এসআই রোকসানা পারভীন জানান, বৃহস্পতিবার গভীর রাতে শহরতলীর পারলা এলাকায় এ অভিযান চালানো হয়।
শুক্রবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
গ্রেপ্তাররা হলেন, সদরের আড়াইশত গ্রামের হাবিব বিশ্বাসের ছেলে মামুন ও লুৎফর বিশ্বাসের ছেলে শাহিন।
তিনি বলেন, মাগুরা শহরের একটি স্কুলের সামনে থেকে গত বুধবার দুপুরে ১০ম শ্রেণির ওই ছাত্রীকে অপহরণ করা হয়।
এ ঘটনায় মেয়েটির মা মামুন, শাহিন ও মোয়াজ্জেম মোল্লার ছেলে শিমুর বিরুদ্ধে সদর থানায় মামলা করেন বলে জানান তিনি।
“গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ পারলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার এবং অপহরণ মামলার দুই আসামি মামুন ও শাহিনকে আটক করে।”
পুলিশের উপস্থিতি টের পেয়ে শিমু পালিয়ে যায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
