আরেকজনের পরীক্ষা দিতে গিয়ে দণ্ডিত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় আরেকজনের হয়ে অংশ নেওয়ার অভিযোগে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুরে চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদ এই সাজা দেন।
এছাড়া ওই যুবককে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস কারাভোগ করতে হবে।
দণ্ডিত মো. হাফিজ (২৮) মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দির মো. আমিনুল হকের ছেলে।
ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদ জানান, সকালে চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা চলাকালে শহরের আল আমিন একাডেমী স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী শাখার কেন্দ্রে হাফিজ নামের ‘ভুয়া পরীক্ষার্থীকে’ আটক করা হয় বলে জানান তিনি।
“হাফিজ তার চাচাতো বোনের পক্ষে পরীক্ষা দিতে দিচ্ছিলেন। কিন্তু, প্রবেশপত্রে হাফিজ নিজের নাম লেখেন ও ছবি সংযোজন করেন।”
কেন্দ্রের দায়িত্বরত শিক্ষক ‘উপস্থিতি শিটে’ স্বাক্ষর নিতে গিয়ে জালিয়াতির বিষয়টি ধরে ফেলেন। পরে হাফিজকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন বলে জানান ম্যাজিস্ট্রেট সাদীদ।
দুপুরেই তাকে চাঁদপুর জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় চঁদপুরে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৬ হাজার ২২৭। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও মতলব দক্ষিণ উপজেলার ১৮টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
