ফেনীতে ২ যুবলীগ সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
ফেনী শহরে অস্ত্র ও নাশকতা মামলার আসামি যুবলীগ নেতাসহ সংগঠনটির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
ওই সময় তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র, গুলি ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানান র্যাব-৭ ফেনী ক্যাম্পের পরিচালক মেজর মো. মোজাম্মেল হোসেন।
শুক্রবার ভোরে পূর্ব উকিলপাড়া পেট্রো বাংলা এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান তিনি।
গ্রেপ্তাররা হলেন মো. শাহেদ হোসেন মামুন ওরফে গনেশ মামুন (৩৪) ও মো. মিজানুর রহমান (২৫)।
মেজর মোজাম্মেল বলেন, গ্রেপ্তারদের কাছ থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, তিন রাউন্ড গুলি, ২০০টি ইয়াবা ট্যাবলেট ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মামুনের বিরুদ্ধে সন্ত্রাস, নাশকতা, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে ফেনী মডেল থানায় অন্তত ১০টি মামলা রয়েছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শুশেন চন্দ্র শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামুন জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য এবং মিজানুর যুবলীগের কর্মী।
মামুন পেট্রো বাংলা এলাকার শাখাওয়াত হোসেনের ছেলে এবং মিজান ছাগলনাইয়া উপজেলার পূর্ব মধুগ্রাম মজুমদার বাড়ির নুরুল আবসারের ছেলে।
