২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় বিল নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোণার আটপাড়া উপজেলায় বিলে দখল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন, আহত হন দুইজন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2015, 01:01 PM

Updated : 22 Aug 2022, 01:27 PM

বৃহস্পতিবার কুতুবপুর গ্রামে এ সংঘর্ষ হয় বলে জানান আটপাড়া থানার ওসি ফারুখ আহম্মেদ।

নিহত মুশফিকুর রহমান তুহিন (৩০) কুতুবপুর গ্রামের বাসিন্দা।

আহত দুজনের মধ্যে লক্ষ্মীপুর গ্রামের আমির খাঁ নামের একজনকে ‘আশংকাজনক’ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত আরেকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ওসি ফারুখ আহম্মেদ বলেন, হাঁসকুড়ি বিলের দখল নিয়ে লক্ষ্মীপুর ও কুতুবপুর গ্রামের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল।

তিনি জানান, এর জেরে বুধবার বিকালে লক্ষ্মীপুর গ্রামের ৪/৫ জন বিলে মাছ ধরতে গেলে কুতুবপুর গ্রামের লোকজন তাদেরকে আটক করে তুহিনের বাড়িতে নিয়ে যায়। পরে একজনকে আটকে রেখে বাকিদের ছেড়ে দেয়।

“বৃহস্পতিবার সকালে আটক ব্যক্তিকে ছাড়িয়ে আনতে লক্ষ্মীপুর গ্রামের আব্দুল আজিজসহ ৫/৬ জন তুহিনের বাড়ি গেলে দেশি অস্ত্র নিয়ে তাদের উপর চড়াও হয় বাড়ির লোকজন।

“এ সময় দুপক্ষের সংঘর্ষ শুরু হলে তুহিন ও আমির খাঁসহ তিনজন আহত হন। পরে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে তুহিনের মৃত্যু হয়।”

লাশ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।