২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন বন্দরের জন্য দায়মুক্তি আইনের সুপারিশ

চট্টগ্রাম, মংলা ও পায়রা বন্দরের উন্নয়নে কার্যক্রমে আইনি জটিলতা এড়াতে মন্ত্রণালয় ও বন্দর কর্তৃপক্ষের কাজে দায়মুক্তি দিয়ে আইন পাসের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2015, 11:40 PM

Updated : 25 Apr 2022, 01:57 PM

মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

সংসদীয় কমিটির বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে। বৈঠকে তিন মাসের মধ্যে এই তিন বন্দরের জন্য পৃথক তিনটি দায়মুক্তি বিল সংসদে উত্থাপন করতে মন্ত্রণালয়কে বলেছে কমিটি।

বৈঠক শেষে কমিটির সদস্য তালুকদার আবদুল খালেক সাংবাদিকদের বলেন, “বর্তমান পরিস্থিতিতে কাজ করতে গেলে যথা সময়ে কোনো কাজ শেষ করা সম্ভব হয় না। দরপত্র আহ্বানের পর কোনো এক পক্ষ কাজ পেলে অন্য পক্ষ আদালতের আশ্রয় নেয়। ফলে পুরো কাজে অচলাবস্থার তৈরি হয়। এসব সমস্যা এড়াতেই কমিটি দায়মুক্তি আইনের সুপারিশ করেছে।”

বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, দায়মুক্তি আইন ছাড়া বন্দরের উন্নয়ন অসম্ভব হয়ে পড়েছে। বিদ্যমান আইনে কাজ করতে গেলে নানা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। দেশের উন্নয়ন বহুলাংশে বন্দর নির্ভর। এ জন্য চট্টগ্রাম, মংলা ও পায়রা বন্দরের উন্নয়ন প্রয়োজন। এ সব বন্দরের যন্ত্রপাতি কেনা এবং অন্যান্য কাজ দ্রুত শেষ করতে বিদ্যুৎ বিভাগের মতো তিনটি বিশেষ দায়মুক্তি বিল করা প্রয়োজন।

বিদেশ যাচ্ছে সংসদীয় কমিটি

বন্দর সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের জন্য সংসদীয় কমিটি দুটি ভাগে ভাগ হয়ে বিশ্বের উন্নত ছয়টি বন্দর সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে।

মন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে ১৩ সদস্যের একটি দল ২৭ অক্টোবর থেকে ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলস, মরিশাস ও মিশরের আলেকজান্দ্রিয়া সমুদ্র বন্দর পরিদর্শন করবে।

তালুকদার আবদুল খালেকের নেতৃত্বে আট সদস্যের অন্য দলটি ১৫ থেকে ২২ অক্টোবরের মধ্যে ইতালি, বেলজিয়াম ও জার্মানি সফর করবে।