বাগেরহাটে সোনালীর সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার নামে মামলা
বাগেরহাটে সোনালী ব্যাংকের একটি শাখা থেকে গ্রাহকদের প্রায় সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা হয়েছে।
শুক্রবার রাতে বাগেরহাট মডেল থানায় সোনালী ব্যাংক রেলরোড শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা শেখ মাহফুজুর রহমানের বিরুদ্ধে মামলা করেন শাখার ব্যবস্থাপক খান বাবুল হোসেন।
অভিযুক্ত শেখ মাহফুজুর বাগেরহাট শহরের সরুই এলাকার নিবাসী মৃত আনিছুর রহমানের ছেলে। তিনি ২০১২ সালের ১০ জানুয়ারি রেল রোড শাখায় যোগ দেন; ঋণ ও অগ্রীম বিভাগের দায়িত্বে ছিলেন তিনি।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১২ সালের ২ আগস্ট থেকে ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে গ্রাহকের সই জাল করে, শাখা ব্যবস্থাপকের মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করে, ওডি (ওভার ড্রাফট) হিসাবের সীমা বাড়িয়ে ও গ্রাহকের নামে চেক বই ইস্যু করে সেসব চেক জমা দিয়ে ১১০ জন গ্রাহকের হিসাব থেকে মোট তিন কোটি ৪৪ লাখ ৮৯ হাজার ৬১০ টাকা আত্মসাৎ করা হয়।
বাগেরহাট মডেল থানার ওসি মো. তোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলাটি নথিভুক্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ আলামত হিসেবে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের তালিকা, ১১০টি চেকের ফটোকপি ও ভাউচার থানায় জমা দিয়েছে।”
মামলা তদন্তের জন্য খুলনার সমন্বিত দুদক কার্যালয়ে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।
রেল রোড শাখার ব্যবস্থাপক খান বাবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যাংকের নিয়মিত নিরীক্ষা (অডিট) চলাকালে গত ৩ সেপ্টেম্বর নিরীক্ষা দল ঋণ ও অগ্রীম বিভাগের দায়িত্বে থাকা মাহফুজুর রহমানের কাছে ওডি ঋণ বিষয়ক নথি দেখতে চান। কিন্তু তিনি তাদের সহযোগিতা করেননি। পরে ওডি ঋণের হিসাবগুলো নিরীক্ষার পর জালিয়াতি ধরা পড়ে।
বাবুল হোসেন জানান, ঘটনা তদন্তে সংশ্লিষ্ট শাখা ছাড়াও আঞ্চলিক ব্যবস্থাপকের কার্যালয় ও খুলনার মহাব্যবস্থাপকের কার্যালয় থেকে আলাদা তদন্ত দল গঠন করা হয়। এক মাসের তদন্ত শেষে ১১০ জন গ্রাহকের হিসাব থেকে তিন কোটি ৪৪ লাখ ৮৯ হাজার ৬১০ টাকা আত্মসাতের হিসাব বের করেন।
ঘটনার পর থেকে পলাতক শেখ মাহফুজুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমককে বলেন, তার সঙ্গে ব্যাংকের ওই শাখার একজন সিবিএ নেতা ও একজন শাখা ব্যবস্থাপকসহ আরও তিন-চার কর্মকর্তা জড়িত।
