দাবি আদায়ে টিকাদান বন্ধের হুমকি স্বাস্থ্যকর্মীদের
মা ও শিশুদের টিকাদানকারী স্বাস্থ্যকর্মীদের পদমর্যাদার উন্নয়ন, মাঠ পর্যায়ের কর্মীদের জন্য প্রস্তাবিত স্বতন্ত্র নিয়োগবিধি বাস্তায়নসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ স্বাস্থ্যবিভাগীয় মাঠকর্মচারী অ্যাসোসিয়েশন।
সরকার আগামী ১৮ নভেম্বরের মধ্যে এসব দাবি ‘কার্যকরের’ পদক্ষেপ না নিয়ে অস্থায়ী টিকাদান কেন্দ্রের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)বন্ধেরও হুমকি দিয়েছেন তারা।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব আসাদুজ্জামান পান্না নতুন কর্মসূচি ঘোষণা করে বলেন, দাবি আদায়ে তারা স্বাস্থ্যমন্ত্রী, সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং সারা দেশে সিভিল সার্জনদের স্মারকলিপি দেবেন। এছাড়া জেলা শহর ও ঢাকায় মানববন্ধন করা হবে।
“১৮ নভেম্বরের মধ্যে সরকার দাবি বাস্থবায়নের কার্যকর উদ্যোগ না নিলে পরবর্তীতে মহাসমাবেশের মাধ্যমে দেশব্যাপী এক লাখ ২০ হাজার অস্থায়ী রুটিন টিকাদান কেন্দ্রের ইপিআই কর্মকাণ্ড বন্ধসহ কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।”
ইপিআই কর্মসূচির মাধ্যমে নির্ধারিত দিনে টিকাদান কেন্দ্রে অথবা হাসপাতালে ১১ মাস বয়স পর্যন্ত শিশুদের যক্ষ্মা, ডিপথেরিয়া, ধনুষ্টংকার, হুপিং কাশি, পোলিও, হেপাটাইটিস বি, হিমো-ইনফ্লুয়েঞ্জা বি, হাম ও রুরেলার প্রতিষেধক টিকা দেওয়া হয়।
এছাড়া এ কর্মসূচির আওতায় মাঠ পর্যায়ের স্বস্থ্যকর্মীরা ১৫ থেকে ৪৯ বছরের সন্তান ধারণক্ষম নারীদেরও বিভিন্ন টিকা দেন।
সংবাদ সম্মেলনে পান্না বলেন, ১৯৮৫ সালে সামরিক সরকার একটি ‘বিতর্কিত নিয়োগ বিধি’ করে স্বাস্থ্যকর্মীদের সম্ভবনার ‘সব পথ রুদ্ধ করে’ দেয়।
মাঠ পর্যায়ে বর্তমানে ২৬ হাজার ছয়শ স্বাস্থ্যকর্মী রয়েছেন জানিয়ে তিনি বলেন, “দেশে অন্তত ৫০ হাজার স্বাস্থ্যকর্মীর প্রয়োজন। যথার্থ জনবল না থাকায় স্বস্থ্যকর্মীরা বিভিন্ন সমস্যার মুখোমুখী হচ্ছেন।”
অ্যাসোসিয়েশনের দাবিগুলো হল- মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের জন্য প্রস্তাবিত স্বতন্ত্র নিয়োগবিধি বাস্তবায়ন, মা ও শিশুদের টিকাদানকারী স্বাস্থ্য সহকারীদের ‘টেকনিক্যাল’ পদমর্যাদা দেওয়া, স্বাস্থ্য পরিদর্শকদের পদের নাম অপরিবর্তীত রেখে দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেওয়া, স্বাস্থ্য পরিদর্শক থেকে পদায়ণ করে জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক পদে নিয়মিত করা, জনসংখ্যার অনুপাতে পদ সৃষ্টি এবং অষ্টম জাতীয় বেতন কাঠামোতে স্বাস্থ্যকর্মীদের যর্থাথ মূল্যায়ন।
সংগঠনের সভাপতি এম হারুন অর রশীদ, প্রধান উপদেষ্টা কে এম শফিউল আলম ছাড়াও বিভিন্ন জেলা, বিভাগীয় সাংগঠনিক কমিটির প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
