২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় দশ বছর আগের একটি হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2015, 03:18 PM

Updated : 22 Aug 2022, 01:22 PM

এছাড়া ওই দুই দণ্ডিতের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর করে কারাভোগ করতে হবে।

বৃহস্পতিবার নেত্রকোণার অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হামিদ এই রায় দেন।

দণ্ডিতরা হলেন কলমাকান্দার চারুলিয়া মাইজপাড়া গ্রামের মফিজ মিয়া (৪২) ও মো. ধান শরীফ (১৮)।

রায় ঘোষণার সময় ধান শরীফ উপস্থিত ছিলেন, মফিজ মিয়া পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আজম খান মামলার বরাত দিয়ে জানান, মফিজ মিয়ার সঙ্গে পাশের পাঠানপাড়া গ্রামের হাছেন আলীর (৪৩) মামলা মোকদ্দমা চলছিল।

এর জেরে ২০০৫ সালের ২৭ ডিসেম্বর সকালে হাছেন আলীকে চারুলিয়া গ্রামের কাওয়াডহর খালের পাড়ে আসামিরা লাঠি-কুড়াল দিয়ে হামলা চালিয়ে আহত করে বলে জানান তিনি।

“ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দুইদিন চিকিৎসা নেয়ার পর হাছেন আলীর মৃত্যু হয়।”

অ্যাডভোকেট আজম খান বলেন, ঘটনার এক সপ্তাহ পর নিহতের স্ত্রী শামছুন্নাহার বাদী হয়ে ১১ জনকে আসামি করে কলমাকান্দা থানায় মামলা করেন।

“একই বছরের ১৭মে পুলিশ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।”

অভিযুক্ত অপর ৯ জনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দেওয়া হয় বলে জানান এই আইনজীবী।