চুয়াডাঙ্গায় থানার অদূরে জুয়েলার্সে চুরি
চুয়াডাঙ্গা সদর থানার অদূরে একটি জুয়েলার্সের স্বর্ণালংকার চুরি হয়েছে।
রোববার রাতে ‘মডার্ণ জুয়েলার্স’এ এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি লিয়াকত হোসেন জানান, সংঘবদ্ধ চোরের দল দরজার শাটার ভেঙে দোকানে প্রবেশ করে। তারা কৌশলে দোকানের সিন্দুক খুলে সেখানে থাকা সমস্ত স্বর্ণালংকার নিয়ে যায়।
এ বিষয়ে সোমবার দুপুরে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।
মডার্ণ জুয়েলার্সের মালিক আরিফুজ্জামান বাবু বলেন, “সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দোকান খুলে চুরির বিষয়টি জানতে পারি।”
চোরের দল সিন্দুর খোলার কাজে আধুনিক যন্ত্র ব্যবহার করেছে বলে ধারণা করছেন তিনি।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি লিয়াকত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, যত দ্রুত সম্ভব এই দুঃসাহসিক চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে।
