জানাজায় যাওয়ার পথে লাশ
আত্মীয়ের জানাজায় অংশ নিতে যাওয়ার সময় ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক বৃদ্ধা নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ সদরে ঝিনাইদহ-যশোর মহাসড়কের খড়িখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান।
নিহত রওশনারা বেগম (৬০) যশোরের চৌগাছা উপজেলার আড়পাড়া গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী।
আহতরা হলেন রওশনারার ছেলে জামির হোসেন ও নাতনী সোনিয়া বেগম।
তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান।
ওসি বলেন, জামির হোসেনের মোটরসাইকেলে করে রওশনারা ও সোনিয়া তাদের এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে মাগুরায় যাচ্ছিলেন। পথে একটি ইজিবাইক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়েন তারা। এতে ঘটনাস্থলেই মারা যান রওশনারা।
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
