২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোড়ানে বাসায় ডাকাতি, ২ জনকে কুপিয়ে আহত

রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানে এক ব্যাংকারের বাসায় হানা দিয়ে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে ডাকাতরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 11:54 AM

Updated : 22 Aug 2022, 01:16 PM

বাধা দিতে গিয়ে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন এনসিসি ব্যাংকের কর্মকর্তা এ কে এম গোলাম কবির কচি (৫২) এবং তার পাশের ফ্ল্যাটের বাসিন্দা ফরিদ উদ্দিন (৫৭)।

তাদেরকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ভর্তি করা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, ভোরে গ্রিল কেটে গোলাম কবিরের তৃতীয় তলার বাসায় ঢোকে কয়েক যুবক।

“তারা প্রথমে গোলাম কবিরকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এসময় পাশের ফ্ল্যাটের ফরিদ উদ্দিন এগিয়ে গেলে তাকেও কোপানো হয়।”

পরে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে ডাকাতরা চলে যায় বলে পরিদর্শক মোজাম্মেল জানান।

লুটের ঘটনায় খিলগাঁও থানায় দস্যুতার অভিযোগে একটি মামলা হয়েছে। দুর্বৃত্তরা ৩০ ভরি সোনার অলঙ্কারসহ সর্বমোট ১৭ লাখ টাকার সম্পদ নিয়ে গেছে বলে এতে বলা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক মো.খায়রুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় অজ্ঞাত চারজনকে আসামি করা হয়েছে।

চারতলা একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় নিজেদের বাড়িতে থাকতেন ব্যাংক কর্মকর্তা কচি, তার স্ত্রী ও বাবা-মা। কয়েকদিন আগে দুবাই থেকে ঈদ করতে বাসায় এসেছিলেন তার মেয়ে ও মেয়ের স্বামী।

মামলার বাদী এ কে এম গোলাম সরোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চারজন বাসার গ্রিল কেটে ঢুকেছিল। ওরা মুখে কালো কাপড় বেঁধে ছিল। তাদের পরনে ছিল শার্ট ও প্যান্ট।”

পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, আহতের পরিবারের দুই সদস্য বিদেশ থেকে আসার খবর পেয়ে এলাকার কোনো ‘চোর বা ডাকাত’ এই দস্যুতার পরিকল্পনা করে।