স্কুলছাত্রীকে ধর্ষণ-ভিডিও প্রকাশ, গ্রেপ্তার ৩
টাঙ্গাইলের ভূঞাপুরে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ এবং সেই ভিডিওচিত্র মোবাইল ফোনের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার এলাকাবাসী ওই তিনজনকে আটক করে পুলিশে দেয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ভূঞাপুর থানার ওসি ফজলুল কবির।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার চিতুলিয়াপাড়া গ্রামের শাহজাহানের ছেলে ঢাকার উত্তরা ইউনিভার্সিটির ছাত্র রিপন (১৮), তার সহযোগী কোরবান (২৪) ও রুবেল (২২)।
মেয়েটিকে থানা হেফাজতে রাখা হয়েছে। বুধবার ডাক্তারি পরীক্ষার জন্য তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।
ওসি বলেন, “অষ্টম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের মধ্য দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রিপনের। শনিবার ওই ছাত্রীকে যমুনা সেতুর কাছে বেলটিয়া এলাকায় বেড়াতে নিয়ে যায় সে।
“সেখানে আগে থেকেই নৌকা ভাড়া করে তার অন্য সহযোগিরা অপেক্ষায় ছিল। ছাত্রীটিকে নদী দেখানোর কথা বলে নৌকায় তুলে মাঝ নদীতে নিয়ে তারা ধর্ষণ করে।”
ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে তা ছড়িয়ে দেওয়া হয়েছিল বলে জানান ওসি।
