২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ার শ্রমবাজারের সব খাত খুলছে: মন্ত্রী

মালয়েশিয়ার শ্রম বাজারের সব খাত বাংলাদেশিদের জন্য খুলছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থা্নমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 05:20 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

পুরনো খবর:

মালয়েশিয়ায় কর্মী পাঠাবে বেসরকারি রপ্তানিকারকরাও
এ বছর ৫ লাখ কর্মী নেবে মালয়েশিয়া

সোমবার প্রবাসী কল্যাণ ভবনে মালয়েশিয়ার একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের একথা জানান।

মন্ত্রী বলেন, “মালয়েশিয়া জিটুজি প্লাস (বাংলাদেশ সরকার ও মালয়েশিয়া সরকারের মাধ্যমে) পদ্ধতিতে শ্রমিক নিতে আগ্রহী। মূলত এটা নিয়েই আলোচনা চলছে। জিটুজির সাথে এ পদ্ধতির পার্থক্য হচ্ছে বাংলাদেশ চাইলে বায়রাকেও প্রক্রিয়ায় সংযুক্ত করতে পারবে।”

“আর এতদিন শুধু একটি সেক্টরে (প্লান্টেশন) শ্রমিক নেওয়া হত। এখন সব সেক্টরেই নেওয়া হবে।”

শ্রমিক, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, নির্মাণসহ সবগুলো খাতই বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। মঙ্গলবার এ বিষয়ে মালয়েশিয়া প্রতিনিধি দলের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা।

বাংলাদেশের জনশক্তি রপ্তানির বড় বাজার মালয়েশিয়া। বর্তমানে প্রায় ছয় লাখ বাংলাদেশি সেখানে বিভিন্ন পেশায় কাজ করছেন।

দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০১৩ সালে জিটুজি (সরকারি পর্যায়ে) পদ্ধতিতে বাংলাদেশ থেকে জনশক্তি নিতে শুরু করে মালয়েশিয়া।

তবে শুধু খামারে কাজ করার জন্য শ্রমিক নেওয়া হওয়ায় তাতে আগ্রহীর সংখ্যা কম হওয়ায় ওই উদ্যোগে আশানুরূপ সাড়া মেলেনি।

প্রতি ছয় মাসে ৫০ হাজার শ্রমিক পাঠানোর লক্ষ্য ঠিক হলেও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) হিসেবে গত দুই বছরে পাঠানো হয়েছে মাত্র সাত হাজার জন।

গত ২৪ জুন কুয়ালালামপুরে সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে এক বৈঠকে মালয়েশীয় স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি আগামী ৩ বছরে ১৫ লাখ শ্রমিক নেবেন বলে জানিয়েছিলেন।

মালয়েশীয় মন্ত্রীর সে ঘোষণার পরপরই জিটুজি পদ্ধতি সংস্কার করে এতে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোকেও (বিটুবি) অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়।

এ বিষয়ে নুরুল ইসলাম বলেন, “বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে তারা কাজ করতে আগ্রহী নন। এই সফরে তারা এ রকম কোনো প্রস্তাব নিয়েও আসেনি। আমরা আশা করছি, জিটুজি প্লাস পদ্ধতিতে মাস খানেকের মধ্যে শ্রমিক পাঠানো শুরু করা যাবে।”

নতুন পদ্ধতিতে অভিবাসন ব্যয় সম্পর্কে তিনি বলেন, যদি সরকারিভাবে বিএমইটির মাধ্যমে কোনো শ্রমিক পাঠানো হয়, তাহলে ৩৬-৩৭ হাজার টাকা লাগবে। আর যদি বেসরকারি সংস্থার মাধ্যমে যায়, তাহলে সর্বোচ্চ ৬০ হাজার টাকা লাগবে।

মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর জন্য তৈরি করা ডেটাবেইস থেকেই শ্রমিকদের বাছাই করা হবে বলে জানান মন্ত্রী।

বেসরকারি পর্যায়ে (বিটুবি) শ্রমিক পাঠানো কি তাহলে থমকে যাচ্ছে- জানতে চাইলে তিনি বলেন, “না, বিষয়টি এমন নয়। তারা বিটুবি বিষয়ে কোনো প্রস্তাবনা নিয়ে আসেননি।”

ছয় সদস্যের মালয়েশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির হিউম্যান রিসোর্স মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল শরিফুদ্দিন বিন হাজ কাশিম।