২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একরাম হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2015, 09:22 PM

Updated : 22 Aug 2022, 01:12 PM

গ্রেপ্তার নুরুল আমিন মামুনকে ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকার মীর হোসেনের ছেলে। তিনি এলাকায় যুবলীগকর্মী হিসেবে পরিচিত।

শনিবার সন্ধ্যায় শহরের বিরিঞ্চি ঈদগাহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান জানান।

২০১৪ সালের ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান একরামকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়ীসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় পুলিশ ৫৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে।

একরাম হত্যায় পুলিশ ও র‌্যাব বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে বিএনপিনেতা মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনার, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির আদেলসহ ৪১ জনকে গ্রেপ্তার করেছে।

এদের মধ্যে ১৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।