৫ দিনের জন্য বন্ধ হল শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি
নাব্য সঙ্কট কাটাতে পদ্মা নদীতে ড্রেজিংয়ের জন্য আগের ঘোষণা অনুযায়ী শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটে ফেরি পারাপার পাঁচ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
শুক্রবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত যানবাহন মালিক/চালকদের বিকল্প পথ ব্যবহার করতে বলেছে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির এজিএম মো. আশিকুজ্জামান জানান, পদ্মা সেতুর কাজে থাকা ‘সিনো হাইড্রোর’ উচ্চক্ষমতা সম্পন্ন ড্রেজারসহ আটটি ড্রেজার এ খনন কাজ শুরু করেছে।
এর মধ্যে বিআইডব্লিউটিএর দুটি, সিনো হাইড্রোর একটি ও বেসরকারি প্রতিষ্ঠান একুয়ামেরিন ড্রেজার্স লিমিটেডের দুটি ড্রেজার কাজে লাগানো হয়েছে।
“এসব ড্রেজার দিয়ে লৌহজং টার্নিং থেকে মাগুরখণ্ড পর্যন্ত ড্রেজিং চলছে”, বলেন আশিকুজ্জামান।
এছাড়া শিমুলিয়ার লঞ্চঘাট এলাকায় বিআইডব্লিউটিএর একটি ও ফেরি ঘাট এলাকায় ‘বঙ্গ ড্রেজার্স লিমিটেড’ নামে আরেকটি প্রতিষ্ঠানের দুটি ড্রেজার কাজ করছে বলে জানা গেছে।
গুরুত্বপূর্ণ এ নৌ-রুটের লৌহজং টার্নিং পয়েন্টে নাব্য সঙ্কটের কারণে গত ২০ অগাস্ট থেকে বিআইডব্লিউটিসির রো রো ফেরি চলাচল বন্ধ রয়েছে। এরপর থেকে শুধু ছোট আকারের তিনটি ফেরি দিয়ে সীমিত আকারে পারাপার চালু রাখা হয়েছিল।
এই অবস্থায় চ্যানেলটি পুরোপুরি ফেরি চলাচলের উপযোগী করতে গত বুধবার নৌ পরিবহন মন্ত্রণালয়ের এক বৈঠকে পাঁচ দিন ফেরি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
