গাজীপুরের মান্নান আরও দুই মামলায় গ্রেপ্তার
গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র এম এ মান্নানকে আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
গাজীপুর আদালত পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, মান্নানকে গতবছরের ডিসেম্বর ও এবছরের জানুয়ারিতে নাশকতার দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য বুধবার আদালতে আবেদন করা হয়।
শুনানির পর গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনোয়ারা বেগম ও বেগম মোসা রেহেনা আক্তার আবেদন দুটি মঞ্জুর করেন।
শ্রীপুর ও জয়দেবপুর থানার এ দুই মামলাসহ মোট ১৩ মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মান্নানকে এ পর্যন্ত আসামি করা হয়েছে।
এর মধ্যে ১০টি মামলায় তিনি জামিন পেয়েছেন। আরেক মামলায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
নতুন যে দুই মামলায় মান্নানকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তার মধ্যে একটিতে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর ভোগড়া এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ এবং অন্যটিতে ২০১৫ সালের ২৮ জানুয়ারি শ্রীপুরের আনসার রোড মোড়ে ট্রাকে অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।
এ দুই মামলার এজাহারে তার নাম না থাকলেও অধিকতর তদন্তে নাম আসার কথা জানিয়ে তদন্ত কর্মকর্তাদের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।
বিএনপি জোটের সরকারবিরোধী আন্দোলনের সময় বাসে পেট্রোলবোমা ছোড়ার ঘটনায় দায়ের করা এক মামলায় চলতি বছর ১১ ফেব্রুয়ারি ঢাকার বারিধারার বাসা থেকে মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।
বিএনপির এই নেতার বিরুদ্ধে করা প্রায় সবগুলো মামলাতেই বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ ও হরতালে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, হত্যা, নাশকতা, বিস্ফোরক ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর থানার একটি ফৌজদারি মামলায় আদালতে অভিযোগপত্র হওয়ায় গত ১৯ অগাস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করে। মান্নানের জায়গায় গত ৮ মার্চ থেকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ।
