২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকারীর ছুরিতে ট্রাফিক পুলিশ আহত

রাজধানীর সায়দাবাদ এলাকায় ট্রাফিক পুলিশের এক সদস্য, তার স্ত্রী ও ভাই ছিনতাইকারীর কবলে পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 10:33 AM

Updated : 25 Apr 2022, 01:51 PM

বৃহস্পতিবার ভোরের দিকে সায়দাবাদ ব্রিজের কাছের এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

ছিনতাইকারীরা কনস্টেবল মোবারক হোসেনের (৩০) পায়ে ছুরি মেরেছে, তার স্ত্রী সুমি আক্তারের (২৫) কান থেকে গয়না ছিনিয়ে নিয়েছে এবং ভাই রাশেদকে (২১) মারধর করে বেশ কিছু টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে।

তাদের তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোবারকের ডান পায়ে দুটি সেলাই দেওয়া হয়েছে। তার স্ত্রীর গয়না টান দিয়ে নেওয়ার সময় তিনি কানে আঘাত পেয়েছেন। আর মারধরে মোবারকের ভাই আঘাত পেয়েছেন।”

মোবারক ঢাকা মহানগর ট্রাফিক পশ্চিম বিভাগে কনস্টেবল পদে রয়েছেন।