সিলিকন ভ্যালির আদলে বরেন্দ্র ভ্যালির চিন্তা
যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির আদলে রাজশাহীতে বরেন্দ্র সিলিকন ভ্যালি তৈরি হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
ইন্টারনেট সপ্তাহ উপলক্ষে বুধবার রাজশাহীতে অনুষ্ঠিত প্রদর্শনীতে এই পরিকল্পনার কথা জানান ওই এলাকার এই সংসদ সদস্য।
শাহরিয়ার বলেন, “বর্তমান সরকার ঢাকার পরেই রাজশাহীকে তথ্যপ্রযুক্তিতে গুরুত্ব দিয়ে আসছে। সিলিকন ভ্যালির আদলে রাজশাহীতে চালু হচ্ছে বরেন্দ্র সিলিকন ভ্যালি।”
যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিকো এবং সান হোসে এই দুই শহরের মাঝামাঝিতে ৩০০ বর্গমাইল এলাকাজুড়ে গড়ে ওঠা সিলিকন ভ্যালি ইন্টারনেট সংক্রান্ত আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিচিত বিশ্বব্যাপী।
গুগল, ফেইসবুক, ইয়াহু, অ্যাপল, ইনটেল, এএমডি, এইচপি, ওরাকল, অ্যাডবির মতো বিশ্বের সবচেয়ে বড়
প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কার্যালয় এই সিলিকন ভ্যালিতেই। এছাড়াও রয়েছে তুলনামূলকভাবে ছোট কয়েকশ’
প্রযুক্তি প্রতিষ্ঠান।
বর্তমানে বাংলাদেশে ইন্টারনেটের গ্রাহক সংখ্যা ৫ কোটি ৭ লাখের বেশি। এই প্রতি বছর আরও ১ কোটি বাড়ানোর লক্ষ্য নিয়েই এই ইন্টারনেট উৎসব, বলেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে বেসিস সভাপতি শামীম আহসান বলেন, “বিভাগীয় শহর রাজশাহীতে তথ্যপ্রযুক্তি অনেকাংশে এগিয়ে গেছে। আমরা প্রত্যাশা করি, বিশ্বের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি সেবা ফেইসবুক, গুগল, হোয়াটসঅ্যাপের মতো প্রতিষ্ঠান বা সেবা রাজশাহীতে তৈরি হবে। তৈরি হবে তথ্যপ্রযুক্তিতে দক্ষ বিপুল জনশক্তি।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলাম, বেসিসের সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ ইন্টারনেট উইক ২০১৫ এর আহ্বায়ক রাসেল টি আহমেদ প্রমুখ।
রাজশাহীর আগে ঢাকায় গত ৫ থেকে ৭ সেপ্টেম্বর রাজধানীর বনানী মাঠে বাংলাদেশ ইন্টারনেট সপ্তাহের অনুষ্ঠান হয়।
বুধবার রাজশাহীতে এই উৎসব পালনের পর ১১ সেপ্টেম্বর সিলেটের সিটি ইনডোর স্টেডিয়ামেও একটি প্রদর্শনী আয়োজনের কথা রয়েছে।
