২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয়ে ভ্যাট: রাস্তা ছাড়ল শিক্ষার্থীরা

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট প্রত্যাহারের দাবিতে সাড়ে ৫ ঘণ্টা অবরোধের পর রাস্তা ছেড়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2015, 10:04 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

পুরনো খবর:

বিশ্ববিদ্যালয়ে ভ্যাট: রামপুরায় পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ

আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার পর বুধবার বিকেল ৪টা থেকে রাজধানীর রামপুরায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছিল।

রাত সাড়ে ৯টার দিকে তারা সড়ক ছেড়ে দিয়েছেন বলে জানান বিবিএ একাদশ সেমিস্টারের ছাত্র মো. রায়হান।

তিনি বলেন, “আমরা আমাদের ন্যায্য দাবিতে অনড়। তবে পুলিশের অনুরোধ এবং জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করে সড়ক ছেড়ে দিয়েছি।”   

বাড্ডা থানার ওসি এম এ জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের অনুরোধে সাড়া দিয়ে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দিয়েছে। আপাতত পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে।
 

এর আগে দুপুরে দিকে রামপুরার আফতাবনগর এলাকায় ওই বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করে পুলিশ।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, পুলিশ তাদের উপর সেসময় রাবার বুলেটও ছোড়ে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মারুফ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, পুলিশের ছররা গুলিতে বিশ্ববিদ্যালয়ের অ্যাডিশনাল রেজিস্ট্রার মাহফিকুর রহমানসহ অন্তত ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধ শিক্ষার্থী মুন্নি, রাশেদ, শামীম, সানি, ইয়াসিরসহ আহত ২০ শিক্ষার্থীকে ফরাজি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের অ্যাডিশনাল রেজিস্ট্রার মাহফিকুর রহমানের শরীরে ৬/৭টি ছররা গুলি লাগায় তাকে ইউনাউটেড হাসপাতালে পাঠায় বনশ্রী ফরাজি হাসপাতালের চিকিৎসকরা।

সরকার চলতি অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের টিউশন ফি’র ওপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট আরোপ করে। জাতীয় রাজস্ব বোর্ড গত ৪ জুলাই এ বিষয়ে আদেশ জারি করে।

এরপর থেকেই এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ওই ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

বিবিএ বিভাগের শিক্ষার্থী মো. রায়হান অভিযোগ করেন, দুপুরে তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আরোপিত ভ্যাট প্রত্যাহার দাবিতে আফতাবনগরে শান্তিপূর্ণভাবে অবস্থান নিলে পুলিশ হঠাৎ করে লাঠিপেটা ও গুলিবর্ষণ করে।

তবে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরাতে লাঠিপেটা করা হলেও গুলিবর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন পুলিশের গুলশান বিভাগের ডিসি মোশতাক আহমেদ।

তিনি বলেন, “শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন তৈরি করে। এ কারণে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়, কোনো গুলিবর্ষণের ঘটনা ঘটেনি।”

অবশ্য বাড্ডা থানার ওসি এম এ জলিল জানিয়েছেন, শিক্ষার্থীদের ছোড়া ইটপাটকেলে ১০/১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

গুলি করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “পুলিশ কিছু ফাঁকা রাবার বুলেট ছুড়েছিল।”

এদিকে ফরাজি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের সহযোগী নজরুল ইসলাম জানিয়েছেন, ১৮/২০ জন শিক্ষার্থী শরীরে ক্ষত নিয়ে হাসপাতালে এলে তারা চিকিৎসা দেন। প্রাথমিকভাবে ব্যথানাশক দিয়ে তাদের এক্সরে করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বন্ধ ঘোষণা ঘোষণা করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন প্রক্টর অনিন্দিতা পল।