সই জাল করে গাছ চুরি, গ্রেপ্তার ৪
ভুয়া কার্যাদেশ তৈরি করে সড়কের পাশের গাছ কাটার সময় নাটোর জেলা পরিষদের এক কর্মচারীসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়রামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-জেলা পরিষদের পিয়ন সাজেদুর রহমান (২৫), গাছ কাটা শ্রমিক আব্দুল্লাহ মিয়া (৫৬), মাসুদ রানা (৩৩) ও রফিকুল মন্ডল (৩০)।
বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদ জানান, মঙ্গলবার থেকে কিছুলোক দয়রামপুর সড়কের পাশের গাছ কেটে নিয়ে যাচ্ছে এমন খবর পেয়ে বুধবার সেখানে গিয়ে কাগজপত্র দেখতে চাইলে জেলা পরিষদের পিয়ন সাজেদুর গাছগুলো নিলামে বিক্রি করা হয়েছে বলে জানায়।
“ তিনি কিছু কার্যাদেশ দেখান।সেখানে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আজমল হোসেনের স্বাক্ষর দেখা যায়।”
ওই কাগজে মাত্র ছয় হাজার ৬৩৬ টাকায় ৪১ টি মরা গাছ বিক্রির কার্যাদেশ ছিল বলে জানান তিনি।
ইউএনও বলেন, তাৎক্ষণিকভাবে জেলা পরিষদে খোঁজ নিয়ে জানতে পারি গাছকাটার কোনো কার্যাদেশ দেওয়া হয়নি। সহকারী প্রকৌশলীর স্বাক্ষর জাল করা হয়েছে। পরে ৩০টি গাছসহ সাজেদুর ও তিন শ্রমিককে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় জেলা পরিষদের অফিস সহকারী রুস্তম আলী বাদী হয়ে একটি মামলা করেছেন।
