২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাটাবেইজে ৩৮ হাজার কর্মকর্তার তথ্য: আশরাফ

সব ক্যাডার কর্মকর্তাদের তথ্য সমৃদ্ধ একটি ডাটাবেইজ প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 10:10 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

বুধবার জাতীয় সংসদে ডিজিটাল প্রশাসন বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে ফেনীর সরকারদলীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, “বর্তমানে বিসিএস প্রশাসন ক্যাডারের সব কর্মকর্তা ও অন্যান্য ক্যাডারের উপ সচিব ও তদূর্ধ্ব কর্মকর্তাদের ডাটাবেইজ চালু আছে। এটাকে আরও সম্প্রসারিত করে সব ক্যাডারের সব কর্মকর্তাদের জন্য ডাটাবেইজ প্রস্তুত করা হয়েছে।”

“এ পর্যন্ত সর্বমোট ৩৮ হাজার ২৪১ জন কর্মকর্তার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে এবং ২৮ হাজার ৬৫৩ জনকে নতুন আইডি দেওয়া হয়েছে।”

সৈয়দ আশারাফ জানান, এই কর্মকর্তারা যে কোন স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে নিজেদের তথ্য দেখতে ও প্রিন্ট করতে পারছেন ।

দাপ্তরিক যোগাযোগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব (১২৭) কর্মকর্তা, ৭ বিভাগী কমিশনার, সব জেলা প্রশাসক, সব অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল), ৪৮৭ জন ইউএনওসহ ৭৪৯টি ই-মেইল আইডি দেওয়া হয়েছে বলেও জানান জনপ্রশাসনমন্ত্রী।