চরফ্যাশনে ২৫ দোকান পুড়ে ছাই
ভোলার চরফ্যাশন উপজেলায় গভীর রাতে আগুন লেগে প্রায় ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
চরফ্যাশন থানার ওসি মো. এনামুল হক জানান, রোববার রাত ২টার দিকে চরফ্যাশন বাজারের মধ্যে সোনালী রোড এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
চরফ্যাশন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং পুলিশের চেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সিরাজুল হক মৃধা জানান।
তবে তার আগেই সোনালী রোডের চারপাশ ঘিরে থাকা কাপড়ের দোকান, চালের আড়ৎ, ওষুধের দোকানসহ প্রায় ২৫টি ব্যবসা প্রতিষ্ঠানের সব মালামাল পুড়ে যায়।
স্থানীয়দের বরাত দিয়ে সিরাজুল মৃধা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই রাস্তার ভুইয়া হোটেলে প্রথমে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়লে পাশের দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়।
তবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি অগ্নি নির্বাপক কর্মীরা।
চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরউদ্দিন চাষীর দাবি, আগুনে ব্যবসায়ীদের প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।
