২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিরাপদ ইন্টারনেট’ নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোরের গোলটেবিল

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে অন্তর্জালিক এই জগতে নিরাপত্তার ঝুঁকিটিও আসছে সামনে। এই প্রেক্ষাপটে সাইবার জগতে বিচরণে নিরাপত্তার বিষয়গুলো খুঁটিয়ে দেখতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজন করেছে এক গোলটেবিল আলোচনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2015, 09:50 AM

Updated : 22 Aug 2022, 01:07 PM

শনিবার বেলা সাড়ে ৩টায় রাজধানীর রেডিসন হোটেলে ‘নিরাপদ ইন্টারনেট’ শিরোনামের এ গোলটেবিল  আলোচনা শুরু হবে বলে বাংলাদেশের প্রথম এবং ইন্টারনেটে সর্বাধিক পঠিত এই অনলাইন সংবাদপত্রের এক মুখপাত্র জানিয়েছেন।

বৈঠকে আলোচক থাকবেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, বিটিআরসি মহাপরিচালক (সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ) ব্রিগেডিয়ার জেনারেল মো. এমদাদ উল বারী।

Image
তারানা হালিম ও জুনাইদ আহমেদ পলক

তারানা হালিম ও জুনাইদ আহমেদ পলক

Image
বেনজীর আহমেদ ও নোভা আহমেদ

বেনজীর আহমেদ ও নোভা আহমেদ

কম্পিউটার বিজ্ঞানের শিক্ষক ও গবেষক ড. নোভা আহমেদ এবং জাতিসংঘ শিশু তহবিলের বিভাগীয় প্রধান (যোগাযোগ, প্রচার ও প্রচারণা) সীমা ইসলামও থাকবেন আলোচক প্যানেলে।

সাইবার জগতে নিরাপদ বিচরণের উপায় এবং নিরাপত্তা নিয়ে সমস্যা ও তা এড়ানোর উপায় নিয়ে এই আলোচক প্যানেলের কাছে প্রশ্ন রাখতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সমবেত করছে সমাজের নানা স্তরের ইন্টারনেট ব্যবহারকারীকে।

রেডিসনের এই অনুষ্ঠানটি একাত্তর টেলিভিশন ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটে সরাসরি দেখানো হবে।

তথ্য প্রযুক্তির বিকাশের সঙ্গে গত কয়েক বছরের বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে কয়েকগুণ।

বিটিআরসির হিসাবে, চলতি বছর জুন মাস পর্যন্ত বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের গ্রাহক সংখ্যা ৪ কোটি ৬৮ লাখ ৯৯ হাজার। গত এক বছরে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ১ কোটি ৪ লাখ ৮৭ হাজার।

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ৯৭ শতাংশ মোবাইল ইন্টারনেট ব্যবহার করছে।

চলতি বছর জুন নাগাদ মোট ইন্টারনেট গ্রাহক সংখ্যা ৪ কোটি ৮৩ লাখ ৪৭ হাজার ছিল বলে বিটিআরসির হিসাব।

ইন্টারনেট ব্যবহারের সুযোগ-সুবিধা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশে প্রতিদিনই বাড়ছে ব্যবহারকারীর সংখ্যা। সেই সঙ্গে ইন্টারনেটে নিরাপত্তার ঝুঁকিটিও প্রকাশ পাচ্ছে ধীরে ধীরে।

সাইবার নিরাপত্তা এখন বিশ্বজুড়ে আলোচিত একটি বিষয়। বাংলাদেশেও ইন্টারনেট ব্যবহারে আক্রান্ত হওয়ার নজির উঠে আসছে।

আর নিরাপত্তা প্রতিষ্ঠায় নিয়ন্ত্রক সংস্থার পদক্ষেপে হয়রানি নিয়েও চলছে বিতর্ক। তথ্য প্রযুক্তি আইনে সাংবাদিক প্রবীর সিকদারকে গ্রেপ্তার তার সর্বশেষ নজির। ফেইসবুকে মন্ত্রীকে নিয়ে লেখার সূত্র ধরে গ্রেপ্তারের পর জামিনে ছাড়া পান তিনি।

তবে ইন্টারনেট ব্যবহারকারীসহ মানবাধিকারকর্মীরা তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারাটি বিলোপের দাবিতে সোচ্চার। তাদের মতে, এই ধারাটি স্বাধীন মত প্রকাশের প্রতিবন্ধক।