পদ্মা সেতুর কন্সট্রাকশন ইয়ার্ডে ফের ভাঙ্গন
তীব্র স্রোতের কারণে চারদিনের মাথায় দ্বিতীয় দফা নদী ভাঙ্গনে লৌহজংয়ের কুমারভোগে পদ্মা সেতুর কন্সট্রাকশন ইয়ার্ডের ৮০ বর্গমিটার এলাকা বিলীন হয়েছে।
সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আবদুল কাদের জানান,গত রোববার ইয়ার্ডের যে অংশে ভাঙ্গন দেখা দিয়েছিল তার পূর্বে বুধবার সকালে আবার ভাঙ্গন শুরু হয়।
এ সময় প্রায় ২০ মিটার দীর্ঘ ও ৪ মিটার প্রস্ততা এলাকা নদী গর্ভে বিলীন হয়ে যায়। এতে কন্সট্রাকশন ইয়ার্ডের একটি জেটি এবং মালামাল বহনের জন্য তৈরি করা ক্রেন লাইন নদীতে চলে যায়।
ভাঙন ঠেকাতে ওই এলাকায় বাঁশ ও কাঠের খুঁটি দিয়ে বেড়া তৈরি করে সেখানে জিওব্যাগ ভর্তি বালু ফেলা হয় বলে মাওয়া নৌফাঁড়ির ইনচার্জ এসআই ইউনুচ জানিয়েছেন।
জিওব্যাগ ভর্তি বালু ফেলতে গিয়ে সকাল সাড়ে ১০টার দিকে ১২ জন শ্রমিক নিয়ে একটি ট্রলার পদ্মায় ডুবে যায়। শ্রমিকদের সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও ট্রলারের কোনো খোঁজ মেলেনি বলে এসআই জানান।
নদী তীরে বেড়া দিয়ে জিওব্যাগ ভর্তি বালু ফেলায় আপাতত আর ভাঙন হবে না বলে প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আবদুল কাদের আশা প্রকাশ করেন।
এর আগে গত রোববারের ভাঙ্গনে ইয়ার্ডের প্রায় ২৫০ বর্গমিটার এলাকা নদীতে ভেসে যায়। এতে ইয়ার্ডের একটি জেটি,জেটির রাস্তা এবং অস্থায়ী কংক্রিট প্ল্যান্ট বিলীন হয়। সে সময় বাঁশ ও বালুর বস্তা ফেলে ভাঙ্গন নিয়ন্ত্রণ করা হয়।
মূল সেতু এলাকা থেকে প্রায় ১ কিলোমিটার ভাটিতে পদ্মা সেতুর কন্সট্রাকশন ইয়ার্ডে প্রথম ভাঙ্গন দেখা দেয় গত ২৭ জুন।
ছবি: তানভীর আহাম্মেদ
ছবি: তানভীর আহাম্মেদ
ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খালেকুজ্জামান বলেন, পদ্মা সেতুর কন্সট্রাকশন এলাকার বাইরেও কুমারভোগ ৩ নম্বর ওয়ার্ডের খড়িয়া এলাকায় ভাঙন দেখা দিয়েছে।
“পদ্মার প্রচণ্ড স্রোতই ভাঙনের মূল কারণ।”
মাওয়ায় গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি ১০ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার আট সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। এছাড়া ভাগ্যকূলে নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল বলেছেন,“ভাঙ্গন ঠেকাতে স্থানীয়ভাবে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এতে হতাশ হওয়ার কিছু নেই।
“এই ভাঙ্গনে মূল সেতুর কাজে কোন সমস্যার সৃষ্টি হবে না। সেতুর কাজ সিডিউল অনুযায়ী চলছে।”
এদিকে,শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি পারাপার স্বাভাবিক করতে বুধবার পদ্মা নদীতে খনন শুরু করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি।
বাঁশ ও বালুর বস্তা ফেলে লৌহজংয়ের কুমারভোগে পদ্মা সেতুর কন্সট্রাকশন ইয়ার্ডের ভাঙ্গন নিয়ন্ত্রণের চেষ্টা।
“কিন্তু পদ্মা সেতুর নদীশাসনের কাজে নিয়োজিত চীনের ঠিকাদার সিনো হাইড্রো কোম্পানি বুধবার আবার জরিপ করার কারণে তা সম্ভব হয়নি।”
বৃহস্পতিবার খনন কাজ শুরু হবে বলে জানান তিনি।
পদ্মা সেতু প্রকল্পের দুটি বড় ড্রেজার দিয়ে আগামী এক সপ্তাহে নদীর তলদেশ থেকে প্রায় ৩ লাখ ঘনমিটার পলি অপসারণ করা হবে জানিয়েছেন কর্মকর্তারা।
সিনো হাইড্রো কোম্পানির প্রতিনিধিসহ দেশি-বিদেশি ১২ জন বিশেষজ্ঞ ও কর্মকর্তার একটি দল এই জরিপ চালায়।
প্রকৌশলী সুলতান বলেন,“পুরো নৌপথে ২২ লাখ ঘনমিটার পলি অপসারণ করতে হবে। তবে প্রাথমিক অবস্থায় লৌহজং পয়েন্ট থেকে প্রায় ২/৩ লাখ ঘনমিটার পলি অপসারণ করা হবে।”
আগামী ৫/৭ দিনের মধ্যে নাব্য সঙ্কট কেটে যাবে বলে আশা করছেন তিনি।
স্রোতের সঙ্গে আসা পলি পড়ে ভরাট হচ্ছে পদ্মার লৌহজং পয়েন্টের মুখ। স্বাভাবিক ফেরি চলাচলের জন্য চ্যানেলে পানির গভীরতা সাড়ে ৭ ফুট প্রয়োজন হলেও গত কিছুদিনে তা ৬ ফুটের নিচে নেমে এসেছে।
এ কারণে গত দুই সপ্তাহ ধরে মাওয়ার শিমুলিয়া ও মাদারীপুরের কাওড়াকান্দি পথে ফেরি চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক শেখর চন্দ্র রায় জানান, ‘কুসুমকলি’ ও ‘ক্যামেলিয়া’ নামের দুটি কে-টাইপ ফেরির মাধ্যমে মাঝে মাঝে অল্প কিছু গাড়ি পারাপার করার চেষ্টা হচ্ছে। নাব্য সঙ্কটের কারণ বড় ফেরি চালানো যাচ্ছে না।
