২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার কাউন্সিল নির্বাচন বুধবার

ভোটার তালিকা নিয়ে জটিলতায় তিন মাস পিছিয়ে বুধবার হতে যাচ্ছে বাংলাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রক ও তদারক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2015, 11:31 PM

Updated : 22 Aug 2022, 01:05 PM

এদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সারাদেশে ৭৭টি কেন্দ্রের ১৪৭টি বুথে ভোট গ্রহণ চলবে। নির্বাচনে ভোটার সংখ্যা ৪৩ হাজার ৩০২ জন।

বরাবরের মতো এবারও আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীদের দুটি প্যানেল মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। বিএনপি সমর্থকদের চেষ্টা কাউন্সিলের নিয়ন্ত্রণ ধরে রাখা, অন্যদিকে আওয়ামী লীগের চেষ্টা নিয়ন্ত্রণ পুনরুদ্ধার।

বার কাউন্সিলের সহকারী পরিচালক (প্রশাসন) নাজমুল আহসান মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন।

“তবে ইতোমধ্যে প্রকাশিত তালিকায় কেউ বাদ পড়লে বার কাউন্সিলের বিধান অনুসারে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করা হয়। এই কার্যক্রম শেষ পর্যায়ে।”

ভোটগ্রহণ শেষে সব কেন্দ্রের ফলাফল বার কাউন্সিলে পৌঁছানোর পর কাউন্সিলের চেয়ারম্যান একটি সময় নির্ধারণ করে ফল ঘোষণা করবেন বলে জানান তিনি।

নির্বাচন ঘিরে মঙ্গলবার দিনভর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে গণসংযোগ ও নিজেদের প্যানেল নিয়ে সরব দেখা গেছে আইনজীবীদের।

তিন বছর পরপর বার কাউন্সিল নির্বাচন হয়ে থাকে। সারাদেশের আইনজীবীরা মোট ১৪ জন সদস্য নির্বাচিত করেন। এর মধ্যে সাধারণ আসনে সাতজন এবং সাতটি অঞ্চল ভিত্তিক আইনজীবী সমিতির সদস্যদের মধ্য থেকে একজন করে আরও সাতজন নির্বাচিত হয়ে থাকেন।

সরাসরি ভোটে নির্বাচিত ১৪ জন সদস্যের ভোটে নির্বাচিত হন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান। অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

প্রার্থী যারা

এবারের নির্বাচনে ১৪টি পদে ৬১ জন প্রার্থী হয়েছেন। এর মধ্যে সাধারণ আসনে ৩২ জন এবং গ্রুপ আসনে ২৯ জন লড়ছেন।

Image
খন্দকার মাহবুব হোসেন (বাঁয়ে) ও এ জে মোহাম্মদ আলী

খন্দকার মাহবুব হোসেন (বাঁয়ে) ও এ জে মোহাম্মদ আলী

কর্তৃত্ব ধরে রাখার লড়াইয়ে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে সাধারণ আসনে প্রার্থী হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, বর্তমান নির্বাহী কমিটির চেয়ারম্যান এ জে মোহাম্মদ আলী, এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান এ এম মাহবুব উদ্দিন খোকন, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান সানাউল্লাহ মিয়া, বদরুদ্দোজা বাদল, মো. বোরহান উদ্দিন ও মহসিন মিয়া।

এই প্যানেলে স্থানীয় বার ক্যাটাগরিতে এ-গ্রুপ থেকে গোলাম মোস্তফা খান, বি-গ্রুপ থেকে মোহাম্মদ আবদুল বাকি মিয়া, সি-গ্রুপ থেকে কবির চৌধুরী, ডি-গ্রুপ থেকে কাইমুল হক, ই-গ্রুপ থেকে আবদুল মালেক, এফ-গ্রুপ থেকে মো. ইসহাক ও জি-গ্রুপ থেকে এ কে এম হাফিজুর রহমান প্রার্থী হয়েছেন।

আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সাধারণ আসনে প্রার্থীরা হলেন এম আমীর-উল ইসলাম, আবদুল বাসেত মজুমদার, রোকন উদ্দিন মাহমুদ, আবদুল মতিন খসরু, পরিমল চন্দ্র গুহ, জেড আই খান পান্না ও শ ম রেজাউল করিম।

Image
আবদুল বাসেত মজুমদার (বাঁয়ে) ও এম আমীর উল ইসলাম

আবদুল বাসেত মজুমদার (বাঁয়ে) ও এম আমীর উল ইসলাম

এই প্যানেলে স্থানীয় বার ক্যাটাগরিতে এ-গ্রুপ থেকে কাজী নজিবুল্লাহ হিরু, বি-গ্রুপ থেকে এইচ আর জাহিদ আনোয়ার, সি-গ্রুপ থেকে ইব্রাহিম হোসেন চৌধুরী, ডি-গ্রুপ থেকে সরোয়ার আহম্মেদ চৌধুরী আবদাল, ই-গ্রুপ থেকে পারভেজ আলম খান, এফ-গ্রুপ থেকে মো. ইয়াহিয়া ও জি-গ্রুপ থেকে মো. রেজাউল করিম নির্বাচনে অংশ নিচ্ছেন।

এই দুটি প্যানেলের বাইরে আইনজীবী ঐক্য ফ্রন্ট ও আইনজীবী ঐক্য পরিষদ নামে আরও দুটি প্যানেল এবার নির্বাচনে অংশ নিচ্ছে।

ঐক্য ফ্রন্টের প্যানেলে সাধারণ আসনে প্রার্থী হয়েছেন সুব্রত চৌধুরী, শাহ মো. খসরুজ্জামান, এ কে এম জগলুল হায়দার আফ্রিক, সরওয়ার-ই-দীন, মো. হেলাল উদ্দিন, আবদুল মোমেন চৌধুরী ও মো. শামছুল হক।

ঐক্য পরিষদ মনোনীত প্যানেলে সাধারণ আসনে প্রার্থী হয়েছেন মো. মাহবুব আলী ভূইয়া, মো. ইউনুস আলী আকন্দ, মো. আবুল কালাম আজাদ, মো. আবুল হোসেন, মো. দেলোয়ার হোসেন মল্লিক, মো. শওকত হায়াত ও সুলতান এ সবুর চৌধুরী।

ভোটার তালিকা নিয়ে জটিলতা 

গত ২০ মে এই নির্বাচন হওয়ার কথা ছিল।২৫ মার্চ তফসিল ঘোষণার পর ৯ এপ্রিল ভোটার তালিকা প্রকাশ করা হলে ভোটার সংখ্যা দেখানো হয় ৪৮ হাজার ৪৬৫ জন।

ওই ভোটার তালিকা নিয়ে প্রশ্ন উঠার পর ১২ মে এক তলবি সভায় নির্বাচন সাত দিন পিছিয়ে ২৭ মে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয় বিএনপি নিয়ন্ত্রিত বর্তমান কাউন্সিল।

এর মধ্যে একটি রিট আবেদনে ২১ মে হাই কোর্ট নির্বাচনের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়। তাতে স্থগিতাদেশ চেয়ে বার কাউন্সিল কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন নিয়ে যায়।

শুনানি নিয়ে ২৮ মে আপিল বিভাগ নির্বাচনের জন্য ১৩ অগাস্ট দিন ঠিক করে দিয়ে তার এক মাস আগে ভোটার তালিকা হালনাগাদ করে প্রকাশ করতে আদেশ দেয়।

আদেশে বলা হয়, বার কাউন্সিলের চেয়ারম্যানকে (অ্যাটর্নি জেনারেল) আহ্বায়ক ও কাউন্সিলের সচিবকে ভোটার তালিকা পর্যালোচনা করে ১২ জুলাইয়ের মধ্যে তা প্রকাশ করতে হবে। আর ভোট হবে ১৩ অগাস্ট।

এর ধারাবাহিকতায় ভোটার তালিকা প্রস্তুতের জন্য আবেদনকারীপক্ষের সময় বাড়ানোর আবেদন পরিপ্রেক্ষিতে ৯ জুলাই আপিল বিভাগ নির্বাচনের জন্য ২৬ অগাস্ট নতুন দিন ঠিক করে দেয়।

পাশাপাশি নির্বাচনের জন্য ৩০ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং কোনো আপত্তি উঠলে তা মীমাংসার জন্য ৩ অগাস্ট দিন ঠিক করে দেয় সর্বোচ্চ আদালত।

৩০ জুলাই প্রকাশিত সংশোধিত ভোটার তালিকা প্রকাশ হয়, যাতে ভোটার সংখ্যা দাঁড়ায় ৪৩ হাজার ৩০২।