শিশু হত্যা মামলায় মায়ের যাবজ্জীবন
নিজের চার মাস বয়সী ছেলেকে শ্বাসরোধে হত্যার দায়ে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নেত্রকোণার একটি আদালত।
মঙ্গলবার দুপুরে নেত্রকোণার অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হামিদ ১৫ বছর আগের এ হত্যা মামলার রায় দেন।
দণ্ডপ্রাপ্ত কবিরুন্নেছার (২২) বাড়ি কেন্দুয়া উপজেলার মজলিশপুর গ্রামে।গ্রেপ্তারের পর জামিন নিয়ে তিনি পলাতক রয়েছেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল কাদির ভূঁইয়া জানান।
একইসঙ্গে আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছে।
আইনজীবী আব্দুল কাদির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের চং নয়াগাও এলাকার আব্দুল জব্বারের সঙ্গে কবিরুন্নেছার বিয়ে হয়। বিয়ের পর স্বাভাবিক সময়ের আগে ছেলে রাজুর জন্ম হলে শিশুটি নিজের নয় দাবি করে স্ত্রীকে তালাক দেন জব্বার। পরে কবিরুন্নেছা পাইকুড়া গ্রামে বোনের বাড়িতে আশ্রয় নেন।
এ অবস্থায় ২০০০ সালের ৫ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কবিরুন্নেছা চার মাস বয়সী রাজুকে শ্বাসরোধ করে হত্যার পর বাড়ির পেছনে ফেলে রাখে। গ্রামবাসী লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার এবং কবিরুন্নেছাকে আটক করে।
এ ঘটনায় কেন্দুয়া থানার এসআই মো. সামছুল হক বাদী হয়ে কবিরুন্নেছাকে আসামি করে হত্যা মামলা করেন। ২০০১ সালের ৬ জুলাই আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
