সিলেটে স্কুলছাত্রী হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
সিলেটের কানাইঘাটে স্কুলছাত্রী স্বপ্না বেগম (১৬) হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কানাইঘাট উপজেলার কেওড় গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মোস্তাক আহমদ (৩১) ও একই গ্রামের এবাদুর রহমানের ছেলে ইসমাইল আলী (৩১)।
এছাড়া এ দুজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাভোগ করতে হবে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে বলে জানান ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন।
মামলার নথি থেকে জানা যায়, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্বপ্নাকে স্কুলে যাওয়া-আসার পথে মোস্তাক ও তার সহযোগীরা উত্ত্যক্ত করত। এ ঘটনায় গ্রামে সালিশ বৈঠকে মোস্তাককে ভর্ৎসনা করা হয়।
এর জেরে ২০০৭ সালের ২১ জুন বেলা দেড়টার দিকে স্বপ্নাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে পার্শ্ববর্তী টিলায় গলা কেটে হত্যা করে মোস্তাক ও তার সহযোগীরা।
এ ঘটনায় স্বপ্নার বাবা আকদ্দছ আলী বাদী হয়ে মোস্তাক ও ইসমাইলকে আসামি করে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা করেন। ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন মামালার তদন্তকারী কর্মকর্তা কানাইঘাট থানার এসআই মনিরুল ইসলাম।
