২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ বংশী নদীতে

সাভারের বংশী নদীতে নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃতদেহ পাওয়া গেছে ২৬ ঘণ্টা পর।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2015, 03:11 PM

Updated : 25 Apr 2022, 01:46 PM

মৃত তানভীর মোর্শেদ (২৭) সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লার বাসিন্দা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি নূর মোহাম্মদ নুরুর ছেলে।

তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর এমবিএ-এর শিক্ষার্থী ছিলেন।

তার বাবা নূর মোহাম্মদ নুরু বলেন, শনিবার সকালে কয়েকজন বন্ধুর সঙ্গে তানভীর বংশী নদীতে নৌকা ভ্রমণে যান। ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে বংশী নদীর সিন্ধুরীয়া এলাকায় রাত ৮টার দিকে নৌকা থেকে পা পিছলে পানিতে পড়ে যান তিনি।

ঘটনার পর পর রাতে ও রোববার সকালে কয়েক দফায় দমকল বাহিনীর ডুবুরি দল পানির নিচে তল্লাশি চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি বলে জানান তিনি।

“পরে রাত সাড়ে ১০টার দিকে ওই স্থানেই তানভীরের লাশ ভেসে ওঠে।”

সোমবার সকালে ব্যাংক কলোনী মাদ্রাসা মসজিদে নামাজে জানাজা শেষে তালবাগ কবরস্থানে তাকে দাফন করা হয় বলে জানান তানভীরের বাবা।