ভূমি খাতে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে: টিআইবি
ভূমি খাতে দুর্নীতি দেশে প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করেছে বলে উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণা প্রতিবেদনে।
‘ভূমি ব্যবস্থাপনা ও সেবা কার্যক্রম : সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এই গবেষণা প্রতিবেদন রোববার এক সংবাদ সম্মেলনে প্রকাশ করেছে সংস্থাটি।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “এ খাতে এমন কোনো সেবা পাওয়া যাবে না যেখানে সেবাগ্রহীতারা অনিয়ম ও দুর্নীতির শিকার হন না।
“মানুষ মনে করে, ভূমি অফিস থেকে সেবা নিতে গেলে অবধারিতভাবে দুর্নীতির শিকার হতে হবে। এমনকি প্রশাসনিক কর্মকর্তাদেরও অভিমত, ভূমি খাতে অব্যবস্থাপনা ও দুর্নীতি দূরীকরণে রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে।”
ভূমি খাতে দুর্নীতির এই ‘প্রাতিষ্ঠানিকীকরণের’ প্রভাবে সাধারণ মানুষের জীবন-জীবিকা, সামাজিক কল্যাণ ও নিরাপত্তা ব্যাহত হচ্ছে, বলেন তিনি।
ভূমি সেবা ও ভূমি সংক্রান্ত মামলা পরিচালনায় বিভিন্ন খাতওয়ারি ঘুষ লেনদেনের উপাত্ত তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, “ভূমি উন্নয়ন কর বাবদ একশ থেকে ১০ হাজার টাকা, নামজারি করতে তিন হাজার থেকে ২ লাখ টাকা, হাট-বাজার ইজারায় ১০ হাজার থেকে ২০ লাখ টাকা, রেজিস্ট্রেশনে এক হাজার থেকে ৫০ হাজার টাকা এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন ধাপে তিনশ থেকে এক হাজার টাকা করে ঘুষ দিতে হয়।”
সংবাদ সম্মেলনে বলা হয়, ভূমি সংক্রান্ত প্রায় ১৮ লাখ মামলা বিচারাধীন। তা বাংলাদেশের আদালতগুলোতে মোট বিচারাধীন মামলার শতকরা ৬০ শতাংশ।
এখাতে অনিয়ম-দুর্নীতির কারণে বাড়ছে ভূমিবিরোধ এবং আদালতে বিশাল মামলা জট সৃষ্টি হচ্ছে বলেও উঠে এসেছে প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়, ভূমি খাতের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের একাংশ এবং প্রভাবশালী ভূমি দস্যুদের যোগসাজশে, বিভিন্ন অনিয়ম, দুর্নীতিতে, সাধারণ ভূমি মালিকদের আর্থিক ক্ষতি ও নানামুখী হয়রানি হচ্ছে। একইসঙ্গে রাষ্ট্রীয় সম্পত্তি জবর-দখল হচ্ছে।
বর্তমান ভূমি ব্যবস্থাপনা ও সেবা কার্যক্রমে নানা ধরনের কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতার কথা তুলে ধরে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, “বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা কাঠামো তিনটি ভিন্ন মন্ত্রণালয়ের অধীনে, বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়। এর ফলে নীতিমালা প্রণয়ন, বাস্তবায়ন ও সেবা কার্যক্রমের বিভিন্ন পর্যায়ে সমন্বয়হীনতা দেখা যায়।”
এছাড়া সেবাগ্রহীতাদের বিভিন্ন অফিস থেকে সেবা নিতে হয় বলে তাদের অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় করতে হয় বলেও দাবি করেন তিনি।
টিআইবির ‘রিসার্চ অ্যান্ড পলিসি’ বিভাগের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. ওয়াহিদ আলম সংবাদ সম্মেলনে প্রতিবেদন উপস্থাপন করে বলেন, এই গবেষণায় ভূমিখাতে সুশাসনগত চ্যালেঞ্জ ও এগুলো দূর করতে নীতি-নির্ধারণী পদক্ষেপগুলো উদঘাটনের চেষ্টা করা হয়েছে।
সরকার ভূমিখাতকে গুরুত্ব দিয়ে ২০১৫-’১৬ থেকে ২০১৯-’২০ সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এ খাতকে অগ্রাধিকার দিয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি সংক্রান্ত সকল প্রশাসনিক ও ব্যবস্থাপনা কাঠামো পরিচালনার জন্য একক অধিদপ্তর গড়ে তোলার সুপারিশ করা হয়।
এছাড়া ডিজটাইলজেশনের জন্য দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়ন ও সামগ্রিক ভূমি ব্যবস্থাপনা, রেজিস্ট্রেশন ও জরিপ ব্যবস্থার আধুনিকায়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে প্রতিবেদনে।
