শাহজালালে ২ কোটি টাকার ওষুধ জব্দ
শাহজালাল বিমানবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা দুই কোটি টাকার ওষুধ জব্দ করেছে শুল্ক বিভাগ।
রোববার দুপুরে বিমানবন্দরের কুরিয়ার এলাকায় ওষুধগুলো পাওয়া যায়।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার শাহিদুজ্জামান সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওষুধগুলো গার্মেন্টস পণ্যের আড়ালে খাদ্যপণ্য ঘোষণা দিয়ে আনা হয়েছিল।
“ক্যান্সারসহ জীবন রক্ষাকারী প্রায় ২২ ধরনের এসব ওষুধ ধানমণ্ডির একটি ভুয়া ঠিকানায় তার্কিশ এয়ারলাইনস এবং ইতিহাদ এয়ারলাইনসে করে তুরস্ক থেকে আনা হয়।”
ঘটনার সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি বলে জানান সহকারী কমিশনার।
নিবন্ধনকৃত যে কোনো ওষুধ কোম্পানি এসব ওষুধ আমদানি করতে পারে বলেও জানান কাস্টমস হাউজ কর্মকর্তা।
