ঢাকায় অপহৃত শিশু বরিশালে উদ্ধার
রাজধানী থেকে তিনদিন আগে অপহৃত এক শিশুকে বরিশালে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে এক নারীকেও আটক করা হয়েছে।
শনিবার দুপুরে আগৈলঝাড়া উপজেলার রাংতা গ্রামের জলিল হাওলাদারের বাড়ি থেকে সাত বছর বয়সী তাজমিম আক্তার রূপালীকে দ্ধার করা হয় বলে আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত ১৯ অগাস্ট দুপুরে রাজধানীর পাইকপাড়া স্টাফ কোয়ার্টারের সামনে থেকে রূপালীকে অপহরণ করে দুর্বৃত্তরা। ওই রাতে মিরপুর মডেল থানায় মামলা করেন রূপালীর বাবা রুহুল আমিন।
রাংতা গ্রামে রূপালীর অবস্থান জানতে পেরে শনিবার দুপুর ১টার দিকে আগৈলঝাড়া থানার মাধ্যমে তাকে উদ্ধার করা হয়, বলেন ওসি মনিরুল।
