২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রী হয়ে ইয়াবা পাচারে বাসচালক

কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে এক ব্যক্তিকে প্রায় এক হাজারটি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে চট্টগ্রাম পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2015, 12:34 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

গ্রেপ্তার আবদুল হামিদ (৫০) কক্সবাজার-ঢাকা রুটের শ্যামলী পরিবহনের চালক। তার বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায়।

শনিবার প্রথম প্রহরে শাহ আমানত সেতু এলাকায় সেন্ট মার্টিন পরিবহনের একটি বাস থেকে হামিদকে গ্রেপ্তার করা হয় বলে বাকলিয়া থানার ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, “বাসটিতে যাত্রী হয়ে ঢাকায় যাচ্ছিলেন হামিদ। রাত সোয়া ১টায় তল্লাশি চালানোর সময় সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। থানায় আনার পর তার স্বীকারোক্তি অনুসারে মলদ্বারে লুকিয়ে রাখা ৯৪০টি ইয়াবা পাওয়া যায়।”

আগেও একাধিকবার এভাবে নিষিদ্ধ এই ট্যাবলেট পাচারের কথা হামিদ স্বীকার করেছেন বলে জানান ওসি মহসিন।

হামিদের বিরুদ্ধে বাকলিয়া থানায় একটি মামলা হয়েছে।